বাংলা সিনেমা পাইরেসির ‘হোতা’ অস্ত্রসহ আটক
সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের স্বত্ত্ব কেনা ছাড়াই পাইরেটেড সিডি তৈরি করে বাজারে ছাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট নির্মাতা, প্রযোজক ও চিত্রশিল্পীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে নয়জনকে আটক করেছে র্যাব।
ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বুধবার রাত থেকে অভিযান চালিয়ে অশ্লীল সিডি-ডিভিডি তৈরির সরঞ্জাম, অস্ত্র ও ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে বৃহস্পতিবার দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে জানায় র্যাব।
র্যাবের অশ্লীলতা এবং অডিও-ভিডিও পাইরেসি রোধে গঠিত টাস্কফোর্স এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আটকরা হলেন- মো. সেলিম খান, মো. শাহেদ আলী ও মোহাম্মদ হোসাইন মোল্লা, মো. রুহুল আমিন, মো. শফিকুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. আলম, মো. মামুন হোসেন মোল্লা ও মো. শাকিল খান।
র্যাব বলছে, এদের মধ্যে সেলিম খান পাইরেসি চক্রটির মূল হোতা, যাকে তার পরিচিত মহলে ‘পাইরেসি সম্রাট’ বলেও ডাকা হয়।
সম্মেলনে র্যাব আরও জানায়, কয়েকটি সংঘবদ্ধ দল সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার স্বত্ত্ব ক্রয় ছাড়াই পাইরেসি করে সংশ্লিষ্ট নির্মাতা, প্রযোজক ও চিত্রশিল্পীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে আসছে।
র্যাব-২ এর একটি দল বুধবার রাতে তেজগাঁও থানার পেট্রোবাংলা এলাকা থেকে সেলিম, শাহেদ ও হোসাইন মোল্লাকে আটক করে।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে ওই রাতেই কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের প্রজাপতি গুহার ফুটপাত থেকে রুহুল আমিন, শফিকুল ও হাফিজুরকে আটক করা হয়।
এরপর আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে টঙ্গীর বৌবাজার এলাকার কাজী নজরুল ইসলাম রোড সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে আলম, মামুন ও শাকিলকে আটক করা হয়।
এসব অভিযানে আসামিদের কাছ থেকে এক হাজার ২৮১টি পর্নো ছবি, ১১ হাজার ৯৫টি বাংলা ছবি, সাত হাজার ৩০০টি ব্ল্যাংক সিডি, ২২টি কার্টন ও ৯৮ বস্তা পেপার, চার কার্টন পর্নোগ্রাফি পেপার এবং সিডি তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এছাড়া ১৬টি সিপিইউ কেসিং, ২০৯টি ডিভিডি রাইটার, ১০টি স্পিকার, একটি ল্যাপটপ, ৬৬টি ছোট ক্যাসেট, পাঁচটি মনিটর, চারটি কি-বোর্ড, আটটি ইউপিএস, নয়টি অ্যাডাপটার, একটি ওয়াইফাই রাউটার, দুইটি অ্যাম্পলিফায়ার, ১৪টি পাওয়ার কর্ড, একটি মাদারবোর্ড, চারটি মাউস, চারটি ল্যাপটপ চার্জার, ছয়টি টেবিল ফ্যান, দুটি ডিভিডি প্লেয়ার এবং দুটি রিমোটও উদ্ধার করা হয়।
এসবের বাইরে সেলিমের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি, শাহেদ আলীর কাছ থেকে ২৩৮টি ইয়াবা ট্যাবলেট, হোসাইন মোল্লার কাছ থেকে তিন বোতল ফেনসিডিল এবং দুই বোতল ভদকা উদ্ধার করা হয়।
এর আগে পাইরেসি ও অশ্লীলতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন সময়ে দুই হাজার ৩৪২ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ৭৯৩টি মামলা করা হয় বলে জানায় র্যাব।
এর আগে গত ১ অক্টোবর রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে অনুমোদনহীন ‘এইচ বাংলা’ ও ‘নেহা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহীম হোসেন হাওলাদারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধেও পাইরেসি সিডি ও অশ্লীলতা প্রচারের অভিযোগ আনা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্যাটেলাইট সম্প্রচারের সরঞ্জামাদি জব্দ করা হয়।
র্যাব বলছে, “চক্রটি পাইরেসি সিডি প্রচার ও অশ্লীলতা ছড়িয়ে দিতে অনুমোদনহীন এইচ বাংলা ও নেহা টিভিকে ব্যবহার করত। বাংলাদেশ থেকে বিভিন্ন সিনেমা, নাটক, কাটপিস ইত্যাদি সিঙ্গাপুরের সম্প্রচারকেন্দ্রে প্রেরণ করত তারা, সিঙ্গাপুর সম্প্রচার কেন্দ্রে স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করত।”
‘কুরুচিপূর্ণ’ বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন হারবাল সামগ্রী গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিয়ে চক্রটি প্রতারণামূলক ব্যবসা চালিয়ে আসছিল বলেও র্যাব তাদের সংবাদ সম্মেলন থেকে জানায়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “একটি বড় ধরনের চক্র এই কাজের সঙ্গে জড়িত। সিনেমা নির্মাণের সঙ্গে যারা জড়িত, তারাই এই পাইরেসির সঙ্গে জড়িয়ে আছে। ছবি সিনেমা হলে যাওয়ার আগেই তাদের মাধ্যমে পাইরেসি হয়ে যায়।”
পাইরেসির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজকরাও পাইরেসি বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। তারা বলছেন, ভিডিও পাইরেসির ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, মুখ থুবড়ে পড়ছে চলচ্চিত্র শিল্প।
চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের অনেকে প্রেক্ষাগৃহ মালিক ও ব্যবস্থাপকদের দোষারোপ করেছেন। অন্যদিকে প্রেক্ষাগৃহ মালিকপক্ষ দুষছেন সিনেমার পরিবেশক সংস্থাকে।
দুই পক্ষই ‘মধ্যস্বত্তভোগী এক দালাল চক্রকে’ এই পাইরেসি ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার লতিফ খান ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
এছাড়া চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক-প্রযোজকসহ কলা-কুশলীদের মধ্যে চিত্রনায়ক ফারুক, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, ওমর সানি, আমিন খান, অমিত হাসান, জায়েদ খান, নায়িকা রোজিনা, অঞ্জনা, মৌসুমী, কেয়া, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, পরিচালক শাহ আলম কিরণ, সোহানুর রহমান সোহান, প্রযোজক খোরশেদ আলম খসরু উপস্থিত ছিলেন।
