২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সৌদি আরবের অগ্রাধিকার: শাহরিয়ার

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সৌদি আরব সবসময় অগ্রাধিকার পাবে বলে এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 01:09 AM

Updated : 20 Aug 2022, 01:54 PM

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ডের ব্যাংককে সোমবার শেষ হওয়া এশিয়া সহযোগিতা সংলাপের সাইডলাইনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর ওই বৈঠক হয়।

এতে প্রতিমন্ত্রী শাহরিয়ার মুসলিমদের জন্য পবিত্র বলে বিবেচিত মসজিদ এ-নববী ও মসজিদ উল-হারামের তত্ত্বাবধায়ক হিসেবে সৌদি আরব বাংলাদেশের মানুষের ‘হৃদয় ও মনে’ রয়েছে বলে আদেল আল-জুবায়েরকে জানান।

এছাড়া দ্বিপক্ষীয় নিরাপত্তা, প্রতিরক্ষা ও সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

সৌদি মন্ত্রী আলোচনায় বাংলাদেশের সঙ্গে তার দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, সৌদি শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে দেওয়ায় বৈঠক থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশি শ্রমিকদের ‘পেশাদারিত্ব ও আন্তরিকতার’ প্রশংসা করেন।

বৈঠকে অন্যদের মধ্যে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এবং সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।