শোকের মাতমে কারবালা স্মরণ
কারবালা প্রান্তরের বেদনাদায়ক ঘটনার স্মরণে শোকের বহিঃপ্রকাশ ঘটছে তাজিয়া মিছিলের মধ্যে দিয়ে।
আগের দিনের মতো মঙ্গলবারও পুরান ঢাকায় তাজিয়া মিছিলে শোকের মাতম তোলেন শিয়া মতাবলম্বীরা ।
বাংলাদেশে আশুরা পালিত হবে বুধবার। তবে বরাবরের মত এবারও কয়েকদিন আগে থেকেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পুরান ঢাকায়।
তাজিয়া মিছিল শুরু হয়েছে সোমবার। ওইদিন সন্ধ্যার পর পুরান ঢাকার ঈমামবাড়া ও বড় কাটরা থেকে দুটি তাজিয়া মিছিল বের হয়।
মঙ্গলবার সকাল ১০টায় হোসাইনী দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়ে নাজিমউদ্দিন রোড, চকবাজার, উর্দু রোড, উমেশ দত্ত রোড হয়ে আবার হোসাইনী দালানে এসে শেষ হয় বেলা ১২টার দিকে।
গত বছর আশুরার সময় হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জঙ্গিদের বোমা হামলায় দুজন নিহত হন। গতবছরের অভিজ্ঞতা আর দুর্গাপূজা চলার কারণে এবার তাই বাড়তি নিরাপত্তা রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের চকবাজার জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কানিজ ফাতেমা পাঁপড়ি বলেন, “(মিছিলের) সার্বিক নিরাপত্তায় প্রায় তিন শতাধিক পুলিশ রয়েছে।র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন।
এছাড়া মিছিলের আশপাশের ভবনগুলোর ছাদেও ছিল পুলিশের অবস্থান।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানিয়ে ইমামবাড়া মিছিল কমিটির আহ্বায়ক মীর জিল্লুর আলি বলেন, “চকবাজার, বংশালসহ আশপাশের এলাকায় প্রায় ৩৫ হাজার শিয়ার বসবাস। বুধবার সকাল ১০টায় ইমামবাড়া থেকে শুরু হবে তাজিয়া মিছিল।”
