২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার বিরুদ্ধে কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকের মামলা

কাতার বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে কাজ করা শ্রমিকদের যথাযথ অধিকার নিশ্চিতে প্রভাব খাটাতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফার বিরুদ্ধে মামলা করেছেন এক বাংলাদেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 11:37 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

২০২২ সালে হতে যাওয়া ওই ফুটবল বিশ্বকাপের বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্পে কাজ করার সময় জঘন্যভাবে তার অধিকার লঙ্ঘন করা হয়েছিল বলে অভিযোগ বাংলাদেশি শ্রমিক নাদিম শরীফুল আলমের।

রয়টার্স জানায়, নেদারল্যান্ডসভিত্তিক সবচেয়ে বড় শ্রম ইউনিয়নের সহায়তায় নাদিম সোমবার এই মামলা করেন সুইটজারল্যান্ডের জুরিখে, যে শহরে রয়েছে ফিফার সদর দপ্তর।

জুরিখ ট্রেড কোর্টে দায়ের করা মামলার সঙ্গে এক খসড়া চিঠিতে নাদিম অভিযোগ করেছেন, কাতারে যাওয়ার পরপরই তার পাসপোর্ট নিয়ে নেওয়া হয়। একইসঙ্গে খুবই বাজে পরিবেশে দেড় বছরের চুক্তিতে তাকে কাজ করতে বাধ্য করা হয়।

সেখানে নির্মাণ উপাদান বোঝাই জাহাজ খালি করার কাজের বিনিময়ে তাকে পারিশ্রমিক হিসেবে শুধু খাবারের টাকা দেওয়া হতো; থাকার জায়গা দেওয়া হয়েছিল বড় একটি শ্রমিক ক্যাম্পে, যেখানে তিনি ছিলেন কার্যত বন্দি।

এক পর্যায়ে তাকে চাকরিচ্যুত করে বিতাড়িত করা হয় অভিযোগ করে নাদিম বলছেন, এমনকি তিনি এতো অল্প আয় করেছেন, যাতে কার্যত নিয়োগ ফি বাবদ যে অর্থ তাকে দিতে হয়েছে তাই উঠে আসে না।

বিদেশি শ্রমিকদের সঙ্গে যথাযথ আচরণ না করার জন্য ইতোমধ্যে উপসাগরীয় দেশ কাতারের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ভবন ও কাঠ শ্রমিকদের আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

কিন্তু ২১ বছর বয়সী নাদিমের করা মামলায় প্রথমবাবের মতো ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফার প্রতি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

মামলায় এই বাংলাদেশি শ্রমিক একটি চুক্তির ক্ষতিপূরণ হিসেবে প্রায় সাড়ে ১১ হাজার ডলার দাবি করেছেন, যাতে চার হাজার ডলার তিনি নিয়োগকারীদের দিয়েছিলেন। 

এছাড়া অভিবাসী শ্রমিকদের নিজেদের ইচ্ছেমতো চাকরি পরিবর্তন বা কাতার ছাড়ার ন্যূনতম অধিকারসহ বিশ্বকাপ ঘিরে কাজ করা শ্রমিকদের ‘ন্যূনতম শ্রম মান’ নিশ্চিতে দেশটিকে চাপ দেওয়ার জন্য ফিফার প্রতি আহ্বান জানানো হয়।

নাদিমের কাজ থেকে আইনি নোটিস পাওয়ার বিষয়টি ফিফার একজন মুখপাত্র স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স।

তবে অভিযোগের বিষয়ে কাতার সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেন নি বলে জানিয়ে তারা বলছে, দেশটি এর আগেও শ্রমিকদের কাজে বাধ্য করার বিষয়টি অস্বীকার করেছে; বলেছে তারা শ্রম আইন বাস্তবায়ন করছে।

দেশটির ‘কাফালা’ ব্যব্স্থা অনুযায়ী, বিদেশি শ্রমিকদেরকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ চাকরি পরিবর্তনের অনুমতি দিলেই তারা নতুন কোনো চাকরিতে যোগ দেওয়া বা কাতার ছাড়তে পারে।