মণ্ডপে মণ্ডপে দেবী ‘বিদায়ের সুর’
বাঙালি হিন্দুদের উৎসবের রঙে রাঙানো শারদীয় দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এখন ‘দুর্গতিনাশিনী’ দেবীকে বিদায়ের সুর।
দিনভর পূজা-অর্চনা আর দেবীর চরণে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে মহানবমী পালন করেছেন ভক্তরা। একদিন বাদে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।
সোমবার সকালে বিহিতপূজার মধ্য দিয়ে নবমীর যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, সন্ধ্যায় তা শেষ হয় আরতি প্রতিযোগিতার মধ্য দিয়ে।
মঙ্গলবার বিজয়া দশমীতে পূজা-অর্চনার মধ্য দিয়ে দেবীকে বিসর্জনের প্রস্তুতি যেন এদিন চলছিল রাজধানীর প্রতিটি মণ্ডপে।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দুর্গা; বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়।
তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত রণজিৎ চক্রবর্তী বলেন, “সে তিথির ধারাবাহিকতায় সোমবার পূর্বাহ্ন ৯টা ৫০ মিনিটে মহানবমীর ক্ষণ আসে। নবমীর কল্পারম্ভের পর বিহিতপূজার মাধ্যমে সকালে দুর্গাদেবীর কাছে আরাধনা করেন ভক্ত-পূজারীরা।”
আরতি প্রতিযোগিতা সম্পর্কে আরেক পুরোহিত নারায়ণ চক্রবর্তী বলেন, “পূজা মণ্ডপের সামনে ঢাক বাজে এবং প্রতিযোগী পূজারীরা আরতি নৃত্য পরিবেশন করেন। সেখান থেকে বাছাই করে তিনজনকে পুরস্কৃত করা হয়।”
প্রধান পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান, পঞ্জিকা অনুযায়ী দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন, যাবেনও ঘোড়ায় চড়ে।
“দেবীর এমন আগমন ও প্রস্থানের ফল হল পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, যুদ্ধ ও সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা।”
“মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা প্রার্থনা করছি, তিনি যেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মঙ্গল করেন। যুগে যুগে অসুরের বধ করার জন্য তিনি যেভাবে আসেন, অশুভকে বিনাশ করেন, আমাদের আশা, তিনি আমাদের এবারের প্রার্থনাও গ্রহণ করবেন,” বলেন এ পুরোহিত।
দিনভর রাজধানীর বিভিন্ন মন্দির ঘুরে দেবী দুর্গার চরণে ভক্তদেরকে শেষ মুহূর্তের প্রার্থনা জানাতে দেখা যায়। মন্দিরে মন্দিরে ঘুরে পুষ্পাঞ্জলি আর ভোগ দেন তারা।
দশমীর দিনের আনুষ্ঠানিকতা সম্পর্কে পুরোহিত নারায়ণ চক্রবর্তী জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩১ মিনিটে হবে দশমী বিহিত পূজা ও দর্পন বিজর্সন করা হবে। দুপুর ১২টায় হবে রক্তদান কর্মসূচি।
সবশেষে বিকাল ৪টায় ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয় শোভাযাত্রা নিয়ে ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন করা হবে। তার আগে বিভিন্ন স্থান থেকে প্রতিমা শোভাযাত্রা এসে মিলবে ঢাকেশ্বরী মন্দিরে।
