কুমারী পূজায় নারীত্বের বন্দনা
‘নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন’ এই দার্শনিক তত্ত্বে মহাঅষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পালন করলেন কুমারী পূজা।
সৃষ্টি-স্থিতি-লয়- এই ত্রিবিধ শক্তি বীজ আকারে কুমারীতে ‘নিহিত’, সেই বিশ্বাস থেকেই দেবী দুর্গার কুমারীরূপের আরাধনা করেন ভক্তরা। নারীত্বের বন্দনায় আবারও ধ্বনিত হল, ‘নারী ভোগ্যা নয়, পূজ্যা’।
সারা দেশে রামকৃষ্ণ মিশনের মতো ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও মিশনে রোববার সকালে কুমারী পূজার আয়োজন করা হয়।
ঢাকার রামকৃষ্ণ মঠে সকাল ১১ টায় শুরু হয় কুমারী পূজা। তবে ভক্তদের ভিড় ছিল আরও আগে থেকে।
সেখানে এবারের কুমারীর নাম সর্বাণী ভট্টাচার্য বিদ্যা। সে এসেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার আউপাড়া থেকে। নারায়ণ ভট্টাচার্য ও অনিতা ভট্টাচার্যের মেয়ে সর্বাণী আউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
যোগিনীতন্য, কুলার্বতন্য, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্রনাম, তন্যসার, প্রাতোষিনী, পুরোহিত দর্পণ- হিন্দু শাস্ত্রের এসব ধর্মীয় গ্রন্থে কুমারী পূজার পদ্ধতি ও মাহাত্ম্য বিশদভাবে রয়েছে।
তন্ত্রসার মতে, “১ থেকে ১৬ বছর পর্যন্ত বালিকারা কুমারী পূজার উপযুক্ত; তাদের অবশ্যিই ঋতুমতি হওয়া চলবে না।”
মেরুতন্ত্রে বলা আছে, “সর্বকামনা সিদ্ধির জন্য ব্রাহ্মণ কন্যা, যশোলাভের জন্য ক্ষত্রিয় কন্যা, ধনলাভের জন্য বৈশ্য কন্যা ও পুত্র লাভের জন্য শূদ্রকুল জাত কন্যা কুমারী পূজার জন্য যোগ্য।”
১৯০১ সালে ভারতীয় দার্শনিক ও ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম কলকাতার বেলুর মঠে কুমারী পূজার মাধ্যমে এর পুনঃপ্রচলন করেন। তখন থেকে প্রতিবছর দূর্গাপূজার অষ্টমী তিথিতে রামকৃষ্ণ মিশন ও মঠে এ পূজা চলে আসছে।
নববস্ত্র পরিহিতা হয়ে কুমারী দেবী আসেন বিল্বপত্র, পুষ্পাসনে আসীন হয়ে। তার হাতে ফুল, কপালে লাল সিঁদুর এবং পায়ে আলতা। যেহেতু কুমারির বয়স সাত, তাই তার নামকরণ হয়েছে মালিনী।
পূজা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিদ্যা বলে, “জগতের সকলের কল্যাণ হোক, সেটাই আমার প্রার্থনা। জগতের সকলের মঙ্গল হোক, সকলে সুখে শান্তিতে থাকুক।”
এর আগে সকাল সাড়ে ৬টায় মহাঅষ্টমী পূজা শুরু হয়। পূজা পরিচালনা করেন প্রধান পরিচালক গুনেশ চৈতন্য। তন্ত্রধারক ছিলেন মহারাজ তিরাত্মানন্দ।
রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশ্বানন্দ কুমারী পূজার মাহাত্ম্য বিষয়ে বলেন, “আমাদের নারীদের ওপর অত্যাচার যেন কম হয়, সেজন্য আমরা কুমারী রূপে মায়ের আরাধনা করেছি। আমাদের সকলের মধ্য থেকে যেন আসুরিক ভাব দমন এবং একই সঙ্গে দৈবশক্তি তথা মাতৃশক্তি জাগরিত হোক – এটাই মূল কথা।”
রোববার রাত ১০টা ৩৭ মিনিটে রামকৃষ্ণ মিশন ও মঠে মহাষ্টমী তিথিতে শুরু হবে সন্ধিপূজা। সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হবে মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা।
মঙ্গলবার সকাল ৭টা ৩১ মিনিটে দশমী পূজা ও দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজার মূল আচার।
বিকাল ৪টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হবে বিজয়া শোভাযাত্রা। পুরান ঢাকার ওয়াইজঘাট ছাড়াও টঙ্গীর তুরাগ, মোহাম্মদপুর এলাকার বেড়িবাঁধ এলাকাতেও প্রতিমা বিসর্জনের কথা রয়েছে।
