২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ ট‌্যাঙ্কে শিশুর লাশ, খালু গ্রেপ্তার

রাজধানীর তুরাগের কামারপাড়ায় নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট‌্যাঙ্ক থেকে সুরাইয়া আক্তার (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 02:35 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

তুরাগ থানার ওসি মাহবুবে খোদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সুরাইয়ার লাশ উদ্ধার করা হয়।

শিশুটিকে শনিবার সকাল ১১টা থেকে পাওয়া যাচ্ছিল না বলে জানান তিনি।

ওসি বলেন, “সুরাইয়ার লাশ উদ্ধারের পর তার রিকশাচালক বাবা মোতালেব হোসেন ভায়রা সবুজকে আসামি করে হত্যা মামলা করেন। সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।”

সুরাইয়ার মা সোনিয়া বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, সবুজের কাছ থেকে তিনি ১০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। এখনও পাঁচ হাজার টাকার মতো পাবেন সবুজ।

এই টাকা নিয়ে সবুজের সঙ্গে বিরোধ চলছে জানিয়ে তিনি বলেন, “সবুজই সুরাইয়াকে শ্বাসরোধে হত্যার পর লাশ পানির ট্যাঙ্কে ফেলে দিয়েছে।”

সবুজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি মাহবুবে খোদা জানিয়েছেন।