২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীদের নিরাপত্তায় শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও সভার কর্মসূচি

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 01:23 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, নারী শিক্ষার্থীদের প্রতি  সহিংসতা রোধে ১৮ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধন এবং ২০ অক্টোবর সভা হবে।

তিনি বলেন “ওই মানববন্ধনে আমরা মানুষরূপী পশুদের যথাযথ বিচারের দাবি জানাব। হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে শপথ নিয়ে এই সামাজিক আন্দোলন, প্রতিরোধ গড়ে তোলার লড়াইয়ের প্রক্রিয়া শুরু করব।”

২০ অক্টোবরের সভায় শিক্ষক, পরিচালনা কমিটির প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের নিয়ে সহিংসতারোধে কমিটি করা হবে বলে জানান নাহিদ।

তিনি বলেন, “স্থানীয়রা মিলেই এ কমিটি করবে। এরপর সবাই মিলে স্কুলের চারপাশে ব্যাপক প্রচার চালাবে- সন্তান যেন বিপথগামী না হয়, সেদিকে সবাই দৃষ্টি রাখবে।”

এসব কমিটি বখাটেদের প্রথমে শোধরানোর চেষ্টা করবে; এরপরও কাজ না হলে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা তার।

“যদি অপরাধীকে না পাওয়া যায়, তাহলে কমিটি অপরাধীর বাবা-মাকে এমনভাবে অভিযুক্ত করবে, যেন তারা সন্তানকে আইনের হাত তুলে দিতে বাধ্য হন।”

এ প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ‘বখাটের উপদ্রব কমানো সম্ভব’ বলে মনে করেন মন্ত্রী।

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ‘বিচার নিশ্চিতে’ ভূমিকা রাখবে বলে মন্তব্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এ বাণীর পরে আমি আশা করব, ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোথাও কেউ কোনো শঙ্কা এবং দ্বিধা করবেন না।”

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সিলেটে ছাত্রলীগনেতার হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজার দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলাকারীর কঠোর শাস্তি দাবি করেন।