২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পেরেছি: কামাল

জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার নানা হুমকি দূরে ঠেলে দেশব্যাপী শুরু শারোদৎসবে বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ‘সক্ষম’ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 11:37 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী তিথির এক আলোচনা সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা এখন বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি।

“শত বছরের ঐতিহ্য ধরে রেখে বাঙালিরা এখন উৎসবে মেতে উঠেছে। আমরা এখানে এসেছি সবার সঙ্গে আনন্দটা শেয়ার করে নিতে। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি বলেই তা সম্ভব হচ্ছে।”

সারা দেশে প্রায় সাড়ে ২৯ হাজার পূজামণ্ডপে পূজা উদযাপনের খবর জানিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত পর্যায়ের অনেক পূজার খবরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘পৌঁছায় না’।

Image
শারদীয় দুর্গোৎসবে ঢাকার কলাবাগান পূজা মণ্ডপে আলোকসজ্জা। ছবিটি শুক্রবার সন্ধ্যায় তোলা। ছবি: আব্দুল মান্নান

শারদীয় দুর্গোৎসবে ঢাকার কলাবাগান পূজা মণ্ডপে আলোকসজ্জা। ছবিটি শুক্রবার সন্ধ্যায় তোলা। ছবি: আব্দুল মান্নান

সারা দেশে বছর দুয়েক ধরে চলা একের পর এক ‘টার্গেট কিলিংয়ে’ হিন্দু পুরোহিতসহ বিভিন্ন ধর্মের প্রচারকদের হত্যার মধ্যে গত জুলাইয়ে গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলার তিন মাসের মধ্যে উদযাপিত হচ্ছে শারদ উৎসব।

এই সময়ে জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তায় জনমনে আস্থা ফিরলেও দুর্গাপূজা উপলক্ষে জঙ্গি হামলার আশঙ্কায় সারা দেশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ-র‌্যাব-বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে মোতায়েন রয়েছেন বিভিন্ন পূজামণ্ডপে। পাশাপাশি জাতীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবক।

একই সভায় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, “দেশে কোনো সংখ্যালঘু নেই, জঙ্গিরাই সংখ্যালঘু। সেই সংখ্যালঘুদের বলছি, ইদুঁরের গর্ত থেকে বেরিয়ে আসুন। সেই গর্ত থেকে বাঙালিকে ভয় দেখানো যাবে না। এ জাতি বীরের জাতি।”

এবার পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই র‌্যাব কর্মকর্তা মনে করছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও ‘সুসংহত’ হয়েছে।

শারোদৎসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় ভারত থেকেও অনেক ভক্ত-পূজারি-পর্যটক সীমান্ত পাড়ি দিয়ে পূজার ছুটি কাটাতে বাংলাদেশে চলে এসেছেন বলে দাবি করেন বেনজীর আহমেদ।

Image
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকার কলাবাগান পূজা মণ্ডপে পূণ্যার্থীরা। ছবি: আব্দুল মান্নান

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকার কলাবাগান পূজা মণ্ডপে পূণ্যার্থীরা। ছবি: আব্দুল মান্নান

ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, “নগরীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র ‘করেছে’ ডিএমপি। মন্দিরের প্রবেশপথে মেটাল ডিটেক্টর, আর্চ ওয়ে, সিসিটিভি বসানো হয়েছে।

“চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও ইভটিজিং প্রতিরোধে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন তো রয়েছেই, পাশাপাশি র‌্যাব, আনসার সদস্যদের সমন্বয়ে বেশকটি স্তরে নিরাপত্তা দিচ্ছে ডিএমপি।”

পূজার তিনদিন ছাড়াও বিজয়া দশমীর শোভাযাত্রায় নিরাপত্তা দৃঢ় করতে পুলিশ সদস্যরা মাঠে থাকবে বলে ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে বিজয়া শোভাযাত্রার রুট সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন, নগরীর কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরী থেকে বিজয়া দশমীর শোভাযাত্রাটি পলাশী মোড়, দোয়েল চত্বর, নবাবপুর রোড, বাহাদুর শাহ পার্ক, ওয়াইজঘাটে পৌঁছাবে; সেখানেই হবে প্রতিমা বিসর্জন।

এছাড়া টঙ্গীর তুরাগ, মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় প্রতিমা বিসর্জন স্থলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীও উপস্থিত ছিলেন।