২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ পোস্টাল অপারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের পোস্টাল অপারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 05:13 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউপিইউ এর ২৬তম কংগ্রেসে বাংলাদেশকে নির্বাচিত করা হয়।

এশিয়া-ওশেনিয়া অঞ্চল থেকে এবার চারটি দেশকে কাউন্সিলের সদস‌্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিল অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইলান্ড, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, ভারত, শ্রীলংকা ও লেবানন

নির্বাচনে ভোট দিয়েছে ১৪৭টি দেশ। এ অঞ্চল থেকে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া ও চীন কাউন্সিলের সদস‌্য নির্বাচিত হয়েছে বলে জানান তারানা হালিম।

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন জাতিসংঘের অধীন একটি বিশেষায়িত এজেন্সি, যার কাজ হল আন্তর্জাতিক ডাক যোগাযোগের ক্ষেত্রে সদস‌্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় ও নীতি সহায়তা দেওয়া।

পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হয় ইউনিয়নের চারটি বিভাগের মাধ‌্যমে। এগুলো হল কংগ্রেস, কাউন্সিল অব অ‌্যাডমিনিস্ট্রেশন, পোস্টাল অপারেশন কাউন্সিল ও ইন্টারন‌্যাশনাল ব‌্যুরো।

এর মধ‌্যে পোস্টাল অপারেশন কাউন্সিল ইউনিয়নের অপারেশনাল বিভিন্ন বিষয়- যেমন নতুন পোস্টাল সার্ভিস প্রবর্তন, মাসুল নির্ধারণ, কারিগরি সহায়তাম ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করে।

১৯৭৩ সালে ইউনিয়নের সদস্য হওয়ার পর বাংলাদেশে এ পর্যন্ত পাঁচবার পোস্টাল অপারেশন কাউন্সিল এবং ছয়বার কাউন্সিল অব অ্যাডমিনিট্রেশনের সদস‌্য নির্বাচিত হয়েছে।

আবারও কাউন্সিলের সদস‌্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে মন্তব‌্য করে প্রতিমন্ত্রী বলেন “কাউন্সিলের সদস্য হিসেবে আন্তর্জতিক পরিমণ্ডলে নেতৃত্ব এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে ভূমিকা রাখবে বাংলাদেশ।”