২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনের তাড়া টানছে লেগুনার চাকা

বয়স ১০ কি ১২; যে বয়সে স্কুলের বই আর হাসিখেলায় মেতে থাকার কথা, সে বয়সে যাত্রীদের হাঁক দিয়ে বা লেগুনার পেছনে ঝুলে জীবন চলছে রাজধানীর একদল শিশুর।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 09:50 AM

Updated : 11 Oct 2022, 08:50 PM

এ শিশু শ্রমিকদের কেউ অভাবের টানে, কেউ বা ‘স্বাধীনচেতা’ মনোভাবের কারণে আসে লেগুনা চালকের সহকারীর পেশায়।

রাজধানীতে লেগুনার প্রায় সব রুটেই বড়দের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করা এ শিশুদের দেখা মেলে। বেলা শেষে দৈনিক ভিত্তিতে মাইনে হিসেবে পাওয়া ২০০-৩০০ টাকা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেও তাতে কষ্ট মিশে থাকে।

শিশু অধিকার কর্মীরা বলছেন, দারিদ্র্য, পরিবারের অসচেতনতা ও আইন প্রয়োগের ঘাটতির কারণে শৈশবের উচ্ছ্বলতা হারিয়ে ফেলছে এই শিশুরা। সঙ্গে স্বাস্থ্যহানিও ঘটছে।

এ থেকে উত্তরণে শিশু শ্রম নিরসন নীতিমালা ও শ্রম আইনের সঠিক বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসনের প্রক্রিয়া শুরুর পরামর্শ দিয়েছেন তারা।

ফার্মগেইট ইন্দিরা রোডে দেখা গেল ১২ বছর বয়সী মোহাম্মদ হৃদয় নিজেই লেগুনা চালিয়ে নিচ্ছে। যাত্রী উঠানোর বদলে গাড়ি এগিয়ে নিতে চালক অল্প সময়ের জন্য দায়িত্ব দিয়েছেন তা ক্ষুদে সহকারীকে।

Image
ছবি: সিরিয়াল এসে গেলে শুরু হয় হাতের চাপড় আর গলার কসরৎ। ফার্মগেইট থেকে মিরপুরের যাত্রী তুলতে ব্যস্ত ১১ বছরের শাকিল।

ছবি: সিরিয়াল এসে গেলে শুরু হয় হাতের চাপড় আর গলার কসরৎ। ফার্মগেইট থেকে মিরপুরের যাত্রী তুলতে ব্যস্ত ১১ বছরের শাকিল।

গাড়ির সারিতে থেমে থেমে লেগুনা চালাতে থাকা হৃদয় জানায়, অভাবের টানে তার এই পেশায় আসা। বাবা ঘর ছেড়ে যাওয়ার পর এক বছর আগে ফার্মগেইট-মিরপুর রুটে চালকের সহকারীর কাজ নেয় সে।

সারাদিন পরিশ্রম করে দিনশেষে মায়ের হাতে ২০০-২৫০ টাকা তুলে দিতে পেরে তৃপ্তির কথা জানায় হৃদয়। আরেক মেয়েসহ তিনজনের সংসার চালাতে বাসায় কাপড় দিয়ে বাজারের ব্যাগ বানিয়ে বিক্রি করেন মা।

“বাপ চইলা যাওয়ার পর মায়ের কষ্ট দেখছি। পরে আমি নিজেই আসছি ডিউটি করার লাইগ্যা। এহন ঘরের বাজার আমিই চালাই,” বলে হৃদয়।

স্কুলে চতুর্থ শ্রেণির পাঠ চুকিয়ে আসা এই শিশু শ্রমিকের ইচ্ছা: “সুযোগ পাইলে আবার স্কুলে যামু।”

এ পেশায় ১০ বছর বয়সী ওলিউল্লাহর আসাও পারিবারিক অনটনের কারণে, ফার্মগেইট-মিরপুর ২ রুটে ১০ থেকে ১৪ ট্রিপ ডিউটি করে ৩০০-৪০০ টাকা পায় সে।

বিষণ্ন মুখ নিয়ে ছেলেটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “বাপ রিকশা চালায়, মা গার্মেন্টে কাজ করে, টাকা পয়সা নাই। মা কইতো, ‘কিছু একটা কর।’ তখন চলে আসছি।”

বাবা-মা ও অন্য দুই ভাইয়ের সঙ্গে পাঁচজনের সংসার ওলিউল্লাহদের। কাজে এলে দিনে ২০০-২৫০ টাকা বাসায় দিতে পারে।

তবে একই রুটে চালকের সহকারী মোহাম্মদ নাইমের গল্প ভিন্ন, ‘সময় কাটানো আর হাতে কিছু টাকা পেতে’ এ কাজ নিয়েছে সে।

Image
ছবি: ফার্মগেইটে যাত্রী নেওয়ার আগে সিরিয়ালে দাঁড়াতে হয়। প্রতি ট্রিপের ফাঁকে চালক যান চা-বিড়ি খেতে।তার আগে লেগুনা ঠেলে নিয়ে সিরিয়াল ঠিক রাখার দায়িত্ব এই ক্ষুদে হেলপারদের।

ছবি: ফার্মগেইটে যাত্রী নেওয়ার আগে সিরিয়ালে দাঁড়াতে হয়। প্রতি ট্রিপের ফাঁকে চালক যান চা-বিড়ি খেতে।তার আগে লেগুনা ঠেলে নিয়ে সিরিয়াল ঠিক রাখার দায়িত্ব এই ক্ষুদে হেলপারদের।

একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়লেও ছুটির দিনে কিংবা ক্লাসের ফাঁকে লেগুনার ‘হেলপারি’ করতে আসে নাইম। রিকশাচালক বাবা, গৃহিণী মা ও ছোটবোনকে নিয়ে আগারগাঁও এলাকায় তাদের বাসা।

“ছোট ভাইটা খালার বাসায় থাকে। বোনটা একেবারে ছোট। একা বাসায় থাকতে ভাল্লাগে না। এখানে চলে আসি। হেলপারি করি, রাইত হইলে ওস্তাদ চালাইতেও দেয়, মজা লাগে। কিছু টাকা পাইলে ছোট বইনরে কিছু কিন‌্যা দিই আর নিজেও মনমতো কিছু কিন‌্যা খাইতে পারি,” বলে নাইম।

গুলিস্তান-হাজারীবাগ রুটে লেগুনা চালকের সহকারী ১০ বছরের আনিস জানায়, শিশু শ্রেণি পর্যন্ত পড়ে সে এ কাজে চলে এসেছে। বাবা-মা অনেক বললেও আর স্কুলে পাঠাতে পারেনি।

“নিজে নিজে চলে আসছি। কষ্ট লাগে আবার ভালও লাগে। চালাইতে দিলে কি যে খুশি লাগে!”

ছোট হওয়ায় মানুষ ‘বকাঝকা’ করে; এটাই ‘সবচেয়ে বেশি কষ্টের’ বলে জানায় আনিস।

প্রায় সাত বছর হেলপারি করে গত পহেলা বৈশাখ থেকে ফার্মগেইট-নিউ মার্কেট রুটে লেগুনার চালক হয়েছে ১৫ বছর বয়সী মোহাম্মদ সাগর। মা কাজ করেন শমরিতা হাসপাতালে, গ্রীনরোডে কলা বিক্রি করেন বাবা। তাদের অনিচ্ছা সত্ত্বেও নয় বছর বয়সে এই পেশায় আসার কথা জানায় সাগর।

Image
ছবি: মাথা গুণে তুলতে হবে ভাড়া, ভাঙতি নিয়ে শুনতে হবে যাত্রীর গঞ্জনা, গন্তব্যে পৌঁছে চালককে দিতে হবে হিসাব। হেলপার রাশেদের সময় কই?

ছবি: মাথা গুণে তুলতে হবে ভাড়া, ভাঙতি নিয়ে শুনতে হবে যাত্রীর গঞ্জনা, গন্তব্যে পৌঁছে চালককে দিতে হবে হিসাব। হেলপার রাশেদের সময় কই?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলে, “বাপ-মা স্কুলে দিছিল, পালায় চলে আসছি। ভাবছিলাম লাইফ ঠিক হয়ে যাবে, এখন বুঝতাছি লাইফ বরবাদ করছি। মাঝে মাঝে এমন কষ্ট হইতো, ভাবতাম মইরা যাই।”

ড্রাইভার হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ৮০০-৯০০ টাকা আয় হয় সাগরের। চালকের সহকারী থাকার সময় যা ছিল ২০০-২৫০ টাকা।

সাগর বলে, “বাপ-মা আসতে দিতে চাইত না, তবু আসতাম। ভাবতাম, এক সময় ড্রাইভার হমু, ঢাকা শহর ঘুইরা বেড়ামু। এখন আর তেমন মনে হয় না।”

১১ বছর বয়সে লেগুনার চালকের সহকারী হিসেবে কর্মজীবনে আসা নীরব হোসেন এখন গুলিস্তান এলাকার চায়ের টং চালান। ১৭ বছর ধরে লেগুনার হেলপারি ও চালনায় যুক্ত থেকে তিন মাস আগে ওসমানী উদ্যানের পাশে এ দোকান খুলেছেন তিনি।

মাঝে কিছুদিন একটি ট্র্যাভেল এজেন্সিতে চাকরি করলেও পরে আবার লেগুনায় ফেরার গল্প শুনিয়ে নীরব বলেন, “স্কুলে পাঠাইছিল, স্কুলে যাই নাই। বাপ চাকরি দিছিল, ওইহানেও যাই নাই। এখানে ভাল লাগছে, থাকছি। ঘুরে বেড়াইতাম, মানুষ দেখতাম অনেক ভাল লাগত।”

শুরুর দিকে বেতন ছিল দিনে ১০০-১৫০ টাকা। চার বছর হেলপারি করার পর চালানোও শিখে ফেলেন। প্রথম প্রথম কষ্ট হলেও ওই বয়সে সন্ধ্যার পর হাতে টাকা পেলে ‘খুব শান্তি লাগত’ নীরবের।

যখন-তখন কাজ করার স্বাধীনতা, আর ছোট বয়সে ‘অল্প কষ্টে’ হাতে কিছু টাকা পাওয়ায় শিশুরা এই পেশায় ঝোঁকে বলে মনে করেন এই সাবেক লেগুনা ড্রাইভার।

Image
ছবি: হেলপারগিরি আর বেশিদিন না, বড় হলে নিজেই হবে চালক- এমনটাই স্বপ্ন শাকিলের। তাই সুযোগ হলেই ‘ওস্তাদের কাজ’ সে মনোযোগ দিয়ে দেখে।

ছবি: হেলপারগিরি আর বেশিদিন না, বড় হলে নিজেই হবে চালক- এমনটাই স্বপ্ন শাকিলের। তাই সুযোগ হলেই ‘ওস্তাদের কাজ’ সে মনোযোগ দিয়ে দেখে।

২০০৬ সালের শ্রম আইনে লেখা ছিল- ‘কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো শিশুকে নিয়োগ করা যাইবে না বা কাজ করিতে দেওয়া যাইবে না’। কিন্তু সেখানে ১৪ বছর বয়স পর্যন্ত ‘শিশু’ হিসাবে সংজ্ঞায়িত করে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ‘কিশোর’ বিবেচনায় কাজে জড়ানোর বৈধতা দেওয়া হয়েছিল।

২০১৩ সালের শিশু আইনে শিশুর নতুন বয়সসীমা নির্ধারণ করায় ১৮ বছর। ওই বয়স পর্যন্ত কাজে জড়ানোর আইনি বৈধতা নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৩ সালের ‘শিশু শ্রমিক জরিপ’ অনুসারে দেশে পরিবহন ও সংরক্ষণাগার খাতে মোট শিশু শ্রমিকের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭২৮ জন, যা মোট শিশু শ্রমিকের ৪ দশমিক ৪ শতাংশ। তবে সুনির্দিষ্টভাবে লেগুনা বা টেম্পোতে কত শিশু শ্রমিক কাজ করে তার হিসাব পাওয়া যায়নি।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহীদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুদের জন্য ৩৮ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের একটি পরিবহন খাত। ঝুঁকির মধ্যে থেকে কঠোর পরিশ্রম করছে এই শিশুরা। দারিদ্রের মধ্যে তাৎক্ষণিক কিছু টাকা হয়ত তারা পাচ্ছে, কিংবা পরে কাজ শিখে নিচ্ছে। কিন্তু শৈশবের উচ্ছ্বলতা তারা হারাচ্ছে। আমরাও তাদের দিতে পারি নাই।”

তিনি বলেন, “কাক ডাকা ভোর থেকে রাত পর্যন্ত এখানে তারা কাজ করে, যেটা কোনো আইনের মধ্যে পড়ে না। এ অবস্থায় কাজ করা বড়দের জন্যও বৈধ নয়। শিশু আইন ও শ্রম আইনে অনেক উপায় বলা আছে। আইন প্রয়োগে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া দরকার।”

শিশু শ্রমিকদের পুনর্বাসনের পাশাপাশি এ কাজে আসার পথ বন্ধ করতে উদ্যোগ নেওয়ার উপায় বের করা দরকার বলে মত দেন শহীদ মাহমুদ।

তিনি বলেন, “আইনের কঠোর প্রয়োগ করে পুলিশ চাইলে একদিনেই বন্ধ করে দিতে পারে। কিন্তু হঠাৎ বন্ধ করলে ১০ থেকে ২০ হাজার শিশুশ্রমিক যাবে কোথায়? এ কারণে পুনর্বাসনের কার্যক্রম হাতে নেওয়া উচিত। সেখানে সাধারণ শিক্ষা ও কারিগরি জ্ঞানের ব্যবস্থা করা দরকার, যাতে পরবর্তী জীবনের জন্য তারা তৈরি হয়।”