২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদ্বেষমূলক’ বক্তব‌্য দিলে এনজিওর নিবন্ধন বাতিল

সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক কিংবা অশালীন কিংবা রাষ্ট্রবিরোধী বক্তব‌্য দিলে নিবন্ধন হারাবে সেই বেসরকারি সংস্থা বা এনজিও।  

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 10:05 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বুধবার সংসদে পাস হওয়া ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৬’ তে এই বিধান রাখা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, এই ধরনের ঘটনা ঘটলে এনজিও ব্যুরো সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার নিবন্ধন বাতিল করতে পারবে।

কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে ‘বিদ্বেষমূলক বা অশালীন’ মন্তব্য করলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

সংসদ নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের এক মন্তব‌্যকে কেন্দ্র করে এই বিধানটি প্রস্তাবিত আইনে যোগ করার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি, যাসহ বুধবার বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলটি পাসের প্রস্তাব করেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি গত বছরের ১ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপন করলে তা আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

এর কয়েকদিন পরে টিআইবির ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান বর্তমান সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বললে সংসদের অধিবেশনে সমালোচনার ঝড় ওঠে।

এক পর্যায়ে সংসদীয় কমিটি থেকে টিআইবিকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছিল। তারপর সংসদীয় কমিটি বিলে সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে ‘কটাক্ষমূলক মন্তব্য ও অপরাধ’ সম্পর্কিত বিধান যুক্ত করে।

এরপর বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষ ব্যক্তিরা গত ১৮ মে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করে বিলের এই ধারাটি বাতিলের সুপারিশ করেছিলেন, কিন্তু সংসদীয় কমিটি তাদের সুপারিশ আমলে নেয়নি।

গত ২৫ জুলাই বিলের প্রতিবেদন সংসদে দেন সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

প্রতিবেদন দেওয়ার সময় সুরঞ্জিত জানান, বিলটি কমিটিতে আলোচনার সময় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে কমিটির আলোচনা হয়েছে।

Image
সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)

সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)

ইফতেখারুজ্জামানের বক্তব‌্য ধরে তিনি বলেন, “কোনো এনজিও সংসদ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এমন নিয়ম বিশ্বে নেই। এই আইনটি হলে টিআইবি বা অন্য কেউ নির্বাচন কমিশন, সংসদ বা অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে অশালীন মন্তব্য করতে পারবে না।”

সুরঞ্জিত তখন জানিয়েছিলেন, টিআইবিকে ‘সরি’ বলার জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তাতে সাড়া মেলেনি।

নতুন আইনের আলোচিত ওই ধারায় বলা আছে, কোনো এনজিও বা ব্যক্তি এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে এবং সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক বা অশালীন মন্তব্য করলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

নতুন আইন অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষিত বা তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈদেশিক অনুদান নিতে পারবে না। বিদেশ থেকে পাওয়া অনুদান যে কোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে নিতে হবে। বিদেশি অনুদান একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে (মাদার অ্যাকাউন্ট) থাকতে হবে। ব্যয়ের হিসাব অডিট করার পর এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে দিতে হবে।

এখন থেকে একটি এনজিও ১০ বছরের জন্য নিবন্ধন পাবে। তবে আইন অমান্য করলে যে কোনো সময় নিবন্ধন বাতিল বা স্থগিত করা যাবে। এনজিওতে বিদেশি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড় নিতে হবে।

ক্যাডেট কলেজ বিল উত্থাপন

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বুধবার সংসদে ক্যাডেট কলেজ বিল-২০১৬ উত্থাপন করেন। পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৬৪ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিলটি তোলা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “ক্যাডেট কল্জে অর্ডিন্যান্স-১৯৬৪ ‘র মুখবন্ধে ‘ইস্ট পাকিস্তান’ এবং ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ ইত্যাদির উল্লেখ এখনও রয়েছে, যা বাংলাদেশের সংবিধান ও স্বাধীন সত্ত্বার সাথে অসঙ্গতিপূর্ণ।”

প্রস্তাবিত আইনে ক্যাডেট কলেজ কেন্দ্রীয় পরিষদ ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এর গঠন কাঠামো পুনর্গঠন করা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

পুরনো খবর:

এনজিওর ‘রাষ্ট্র অবমাননাকর’ বক্তব্য রুখতে আইনের সুপারিশ