এনজিওর ‘রাষ্ট্র অবমাননাকর’ বক্তব্য রুখতে আইনের সুপারিশ
বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান (এনজিও) সংবিধান, সংসদ ও রাষ্ট্র সম্পর্কে কোনো ধরনের অশালীন বক্তব্য দিলে তা অপরাধ হিসেবে গণ্য করতে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) বিলে বিধান রাখার সুপারিশ করেছে একটি সংসদীয় উপকমিটি।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ওই উপ কমিটি মঙ্গলবার বৈঠকে বসে এ বিষয়ে আলোচনা করে।
সংসদীয় কমিটির সভাপতি ও উপ কমিটির আহ্বায়ক সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে বৈঠকে বৈদেশিক অনুদান বিলে সংবিধান, সংসদ ও রাষ্ট্র সম্পর্কে অশালীন বক্তব্যের বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠন যাতে সংবিধান, সংসদ বা রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে কোনো কটাক্ষ করতে না পারে, সে জন্য আইনে কিছু একটা রাখতে হবে।”
এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।
গত ১ সেপ্টেম্বর বিলটি সংসদে তোলেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী। এরপর তা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলটি পরীক্ষা করার জন্য উপ-কমিটি গঠন করে স্থায়ী কমিটি।
গত ২৫ অক্টোবর ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বর্তমান সংসদ ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ভুবনে পরিণত হয়েছে। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাতিষ্ঠানিক ফোরামে পরিণত হয়েছে।”
সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ আখ্যায়িত করেন টিআইবির নির্বাহী পরিচালক।
ওই বক্তব্যের পর গত ৯ নভেম্বর সংসদে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ সংসদের বিশেষ অধিকার কমিটিতে টিআইবিকে তলব করারও দাবি করেন।
এর পরদিন এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিতও বৈদেশিক অনুদান বিলে পরিবর্তনের ইঙ্গিত দেন।
সংসদ ভবনের আইন শাখার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপরাধ সংশ্লিষ্ট কমিটির প্রস্তাবিত ধারাটি বিলে অন্তর্ভুক্ত করে তা আবার কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।
অপরাধের শাস্তি সম্পর্কে প্রস্তাবিত আইনের ১৫ ধারায় বলা হয়েছে, কেউ অপরাধ করলে এনজিও ব্যুরো চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সংশোধনের নির্দেশ, নিবন্ধন বাতিল বা স্থগিত এবং প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিলটি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়। ওই বৈঠকে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ, এনজিও ব্যুরোর মহাপরিচালক নুরুন নবী তালুকদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং সেভ দ্য চিলড্রেন, কনসার্ন ওয়াল্ড বাংলাদেশ, এনজিও ফেডারেশন, ব্র্যাক, অক্সফাম, এডাবসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওই বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, কমিটি ভুয়া এনজিওর তৎপরতা নিয়ন্ত্রণ এবং বিদেশ থেকে আসা টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করে।
বৈঠকে এনজিওগুলোর পক্ষ থেকে লিখিত মতামতও উপস্থাপন করা হয়।
তাতে বলা হয়েছে, এনজিও ব্যুরোকে নিজস্ব ক্ষমতার বাইরে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের ফলে প্রবাসীরা জনহিতকর কাজে নিরুৎসাহিত হবে। অবৈধ অর্থ প্রবাহ ও কর ফাঁকির আশঙ্কা বাড়বে।
এ ছাড়া তারা খরচের ভাউচার সর্বোচ্চ পাঁচ বছর সংরক্ষণে রাখার বিধানের প্রস্তাব করে। কমিটি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবকে গ্রহণযোগ্য বলে মতামত দেয়।
