২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ ভবন নির্মাণ শুরু

মন্ত্রীদের জন্য রাজধানীর বেইলী রোডে ছয় তলার একটি অ্যাপার্টমেন্ট নির্মাণ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 06:27 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

Image
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বুধবার ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ছয়তলা বিশিষ্ট এই ভবনে ১০ জন মন্ত্রী থাকতে পারবেন। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ২ হাজার ২৪৮ বর্গফুট।

প্রতিটি ফ্ল্যাটে চারটি শয়নকক্ষ, ডাইনিং, ড্রইংরুম ছাড়াও এক হাজার ৪০০ বর্গফুটের অফিস কক্ষ থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসবাবপত্রসহ পরিপূর্ণভাবে এসব ফ্ল্যাট সাজানো থাকবে।

“দর্শনার্থীদের জন্য থাকবে আলাদা অপেক্ষা কক্ষ। নিচ তলায় ২৭টি গাড়ি পার্কিং সুবিধা থাকবে। এ ভবন নির্মাণ করতে সময় লাগবে দুই বছর। এই ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা।”

উদ্বোধনী অনুষ্ঠানে পূর্তমন্ত্রী বলেন, মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য বাসার সংখ্যা অত্যন্ত কম। বর্তমানে ঢাকায় কর্মরত প্রায় দেড় লাখের মধ্যে মাত্র আট ভাগ কর্মকর্তা-কর্মচারী আবাসিক সুবিধা পান।

“২০১৮ সালের মধ্যে এ হার ৪০ ভাগে উন্নীত করা হবে। ইতোমধ্যে আজিমপুর ও মতিঝিলে সরকারি কর্মকর্তাদের জন্য ২০ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে।”

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য আরও বহুতল ভবনের নতুন প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান মোশাররফ।

পূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সি, পূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।