২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দপ্তর পেলেন ওএসডি সচিব আসলাম আলম

ওএসডি হওয়ার ছয় মাস ২০ দিন পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব এম আসলাম আলমকে নতুন দপ্তর দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 06:19 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

এছাড়া নির্বাচন কমিশন, স্বাস্থ্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়ে বুধবার আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কেন্দ্রীয় ব্যাংকের অর্থ লোপাট নিয়ে ডামাডোলের মধ্যে গত ১৬ মার্চ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকে ওএসডি করেছিল সরকার।

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা এম আসলাম ২০১২ সালের ৫ নভেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বে যোগ দেন।

আসলাম আলম এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যাবেন তিনি।

Image
আসলাম আলম

আসলাম আলম

আসলামকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর করে সেখানকার রেক্টর মুহাম্মদ আবদুল্লাহকে নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। চুক্তিতে নিয়োজিত স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের মেয়াদ আগামী ১৯ অক্টোবর শেষ হবে।

ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ওএসডি কর্মকর্তা মো. জিল্লার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার। সমাজকল্যাণ সচিব চৌধুরী মো. বাবুল হাসান আগামী ১৪ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

অতিরিক্ত সচিব থেকে ভারপ্রাপ্ত সচিব করার পর সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লারকে কোনো দপ্তরে পদায়ন করেনি সরকার।

ইসি সচিবের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আব্দুল্লাহ এর আগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং ভোলা সদর ও মুন্সিগঞ্জের লৌহজং এর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ১৯৬০ সালে ২৮ ফেব্রুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন।

অন্যদিকে স্বাস্থ্য সচিবের দায়িত্ব পাওয়া সিরাজুল ইসলাম এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব থাকাকালেই ইসির ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি ইসির সচিব পদে যোগ দিয়েছিলেন এই কর্মকর্তা।

পুরনো খবর:

আসলাম ওএসডি, নতুন ব্যাংক সচিব ইউনুসুর রহমান