২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাদুর শাহ পার্কে নতুন শৌচাগার

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে নির্মিত নতুন গণশৌচাগার দর্শনার্থীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 03:09 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বুধবার আধুনিক এই শৌচাগারের উদ্বোধন করেন।

এ সময় তিনি ২০১৭ সালের মধ্যে ঢাকার দক্ষিণে একশ’টি গণশৌচাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “পুরনো ১৭টি পাবলিক টয়লেট সংস্কার করা হচ্ছে। ওয়াটার এইডের সহায়তায় আরও ৪৭টির কাজ প্রায় শেষ পর্যায়ে।”

এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে আরও ৪০টি শৌচাগার নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে বলেও জানান মেয়র।

রাজধানীতে ‘পাবলিক টয়লেটের যথেষ্ট অভাব’ মন্তব্য করে সাঈদ খোকন বলেন, নাগরিকদের ভোগান্তি নিরসনে সিটি করপোরেশন তৎপরতা বাড়িয়েছে।

“শৌচাগারের অভাবে নাগরিকদের ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হয়; বিশেষ করে নারীদের কষ্ট হয় সবচেয়ে বেশি। এ সমস্যা নিরসনে করপোরেশন কাজ করছে।”

এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারি সংস্থা ওয়াটার এইডের সহায়তায় নির্মিত এই শৌচাগারে নারী ও পুরুষদের জন্য রয়েছে আলাদা তিনটি চেম্বার। এখানে গোসল ও খাবার পানির সুবিধাও রয়েছে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।

আধুনিক এ শৌচাগারে জামাকাপড় ও মূল্যবান জিনিসপত্র রাখার জন্য লকারও রয়েছে; এজন্য ব্যবহারকারীদের অতিরিক্ত পাঁচ টাকা খরচ করতে হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।