প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে প্রস্তাব গৃহীত
নারী-পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য ‘প্ল্যানেট ফিফটি-ফিফটি চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ড অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।
দেশ ও জাতির জন্য বিরল সম্মান অর্জন করায় মঙ্গলবার সর্বসম্মতক্রমে জাতীয় সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের প্রাঙ্গণে ইউএন প্লাজায় এন অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দুটো পুরস্কার দেওয়া হয়।
ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, নিজের যোগ্যতা, সাহসীকতা, দূরদৃষ্টি ও প্রাজ্ঞতায় দেশের গণ্ডি পেরিয়ে শেখ হাসিনা আজ বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। সারাবিশ্বের সামনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাই দেশের ১৬ কোটি মানুষের গর্ব ও একমাত্র ঠিকানা হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।
মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর ধন্যবাদ প্রস্তাবের ওপর এই সাধারণ আলোচনা শুরু হয়।
প্রথমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মাগরিবের নামাজের বিরতির পর কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় এই ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, মহীউদ্দিন খান আলমগীর, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, চিফ হুইপ আ স ম ফিরোজ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা, দীপু মনি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ফারুক খান, হাছান মাহমুদ, আবদুল মতিন খসরু, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মেহের আফরোজ চুমকি, নুরুজ্জামান আহমেদ, তাজুল ইসলাম, সাগুফতা ইয়াসমীন এমিলি, ফজিলাতুন নেসা বাপ্পি, এ কে এম শাহজাহান কামাল, মোহাম্মদ আব্দুলাহ, সানজিদা খানম, আবু জাহির, জাসদের মইন উদ্দীন খান বাদল, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী, স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী এবং জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, সেলিম উদ্দিন ও পীর ফজলুর রহমান অংশ নেন।
রাত পৌনে ১০টায় দীর্ঘ এ আলোচনা শেষে স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতক্রমে গৃহিত হয়। এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, এ অর্জন শেখ হাসিনার, দেশবাসীর। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সারা বিশ্বে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। তিনি এখন শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নেত্রীতে পরিণত হয়েছেন। নারীর ক্ষমতায়নে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। যথার্থ কর্মের কারণেই জাতিসংঘ শেখ হাসিনাকে এ পুরস্কার দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা একজন দুঃসাহসী অভিযানের সফল নেত্রী। সর্বহারা হয়ে দেশে ফিরে এসে আজ সারাবিশ্বের নেত্রী হয়েছেন। একজন নেত্রী জ্বালাও-পোড়াও, ধ্বংসাত্মক রাজনীতি করছেন, মানুষকে পুড়িয়ে হত্যা করছেন।
শেখ হাসিনা শুধু নারীর নয়, জনগণের ক্ষমতায়নও করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা নাসিম।
