২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোক সাহিত্য পুরস্কার’ পেলেন সমকালীন দুই কবি

সমকালীন সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাহিত্যবিষয়ক লিটল ম্যাগাজিন ‘লোক’ প্রবর্তিত ‘লোক সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন আহমেদ স্বপন মাহমুদ ও মোস্তাক আহমাদ দীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে লোক ম্যাগাজিনের এক অনুষ্ঠানে এ ঘোষণা আসে।

বাংলাদেশে সাহিত্য নিয়ে নানা পুরস্কারের চেয়ে কিছুটা ভিন্ন ‘লোক সাহিত্য পুরস্কার’।

সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, প্রকাশনা সংস্থা থেকে নিয়মিতভাবেই দেওয়া হয় সাহিত্য পুরস্কার। তবে একমাত্র ছোট কাগজ হিসেবে ‘লোক’ গত ২০০৯ সাল থেকে প্রদান করে আসছে সাহিত্য পুরস্কার। পুরস্কারটির আর্থিক মুল্য ৫০ হাজার টাকা।

প্রতিষ্ঠার এক দশক পূর্তি উপলক্ষে শুরু হওয়া এ পুরস্কার প্রদানের আয়োজনটিও ছিল ভিন্ন। এতে ২০১৬ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণার সঙ্গে ২০১৫ সালের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান থেকে ২০১৫ সালের পুরস্কারপ্রাপ্ত অস্ট্রেলিয়া প্রবাসী কবি সুব্রত অগাস্টিন গোমেজের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

লোক ম্যাগাজিনের সম্পাদক অনিকেত শামীম বলেন, “কালের গণ্ডিরেখার হিসাব ভুলে আমরা চাই প্রতি শতকে ভালো ভালো কবি-সাহিত্যিকরা আসুন। সুব্রত অগাস্টিন গোমেজ সময়ের উজানে নিজস্ব শক্তিতে বাংলা কাব্যে এক নতুন ধারার জন্ম দিয়েছেন। কবিতায় তিনি সমকালীন ধারার ধরাবাধা নিয়মকেও উপেক্ষা করেছেন।”  

অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ খান, কবি সৈয়দ তারিক ও কবি শামসেত তাজরেজী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক কাজল বন্দ্যোপাধ্যায়, কবি ও প্রাবন্ধিক সাখাওয়াত টিপু, কবি শহীদুল রিপন এবং রাশেদুজ্জামান। সভাপতিত্ব করেন ২০১৪ সালে ‘লোক’ পুরস্কারপ্রাপ্ত কবি কামরুজ্জামান কামু।

এর আগে সঙ্গীত পরিবেশন করে আনন্দন এবং সংস্কৃতি বিকাশ কেন্দ্রের শিল্পীরা। তারা ‘নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা’, ‘তোমরা যে যাই বল’, ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল’, ‘রুম ঝুম’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান।

ইতিপূর্বে ‘লোক সাহিত্য পুরস্কার’ পেয়েছেন কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কবি মাহবুব কবির, কবি চঞ্চল আশরাফ, কবি কুমার চক্রবর্তী, কবি মুজিব মেহদী ও কবি কামরুজ্জামান কামু।