মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাবি
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন নবোদয় হাউজিং এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় অভিভাবক ও শিশুরা।
মঙ্গলবার এই দাবিতে এলাকার সহস্রাধিক বাসিন্দা ওই মানববন্ধনে অংশ নেয়।
শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশাল ডেভেলপমেন্ট-এএসডি এই মানববন্ধনের আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মানববন্ধনে এএসডি’র ‘ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যাট হাই রিস্ক’ প্রকল্পের ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা বলেন, মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকায় নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি। অথচ এখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই।
স্থানীয় কাউন্সিলর কাউছার জাহান, এএসডি’র নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী, উপ-নির্বাহী পরিচালক মোজাম্মেল হক, শিক্ষা কার্যক্রমের সুপারভাইজার সেলিনা বানুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে স্থানীয় ন্যাশনাল প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল, অপরাজেয় বাংলাদেশ, ব্র্যাক, শেখ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নবোদয় প্রি-ক্যাডেট স্কুল, এডুকো পাঠশালা, ফুলকুড়ি কিন্টারগার্ডেন অ্যান্ড হাইস্কুল, হামিম মডেল স্কুল, ডিসিএইচআর স্কুল ও ড. মিজানুর রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।
