২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক ‘ডিস্টার্ব’ করলে ‘অসুবিধা’ আছে: পূর্তমন্ত্রী

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা অভিযানের সময় ‘সুবিধা’ চান বলে ইঙ্গিত করেছেন গৃহায়ন ‍ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 06:51 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

নিজের মন্ত্রণালয়ের অধীন সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) দুদকের অভিযান নিয়ে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “দুদক ওখানে যায় কেন? দুদক যদি সেখানে কিছু পায় যাবে, অসুবিধা নাই। কিন্তু ডিসটার্ব করার জন্য গেলে অসুবিধা আছে।

“আপনি যাবেন, একটা সুবিধা চাইবেন। সুবিধাটা না দিলে আপনি ওর ফাইল নিয়ে টানাটানি করবেন, সেটা তো হতে পারে না।”

দুদক কর্মকর্তারা রাজউকে অভিযানে গিয়ে সুবিধা চেয়েছিলেন কি না- এক সাংবাদিকের প্রশ্নে পূর্তমন্ত্রী বলেন, “আমি অতটুকু জানি না। তবে আমার মনে হয় … শুনেন ‘নো বডি ইজ ভেরি ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হতে হলে ...

পূর্তমন্ত্রীর বক্তব‌্যের প্রতিক্রিয়া জানতে চাইলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (মন্ত্রী) তার কথা বলেছেন...কমিশনের এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই।”

রাজউকের পূর্বাচল প্রকল্পের সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২৯ অগাস্ট সংস্থার দুজন দুজন প্রকৌশলীকে গ্রেপ্তার করে ‍দুদক।

তারা হলেন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. ছাইদুর রহমান এবং গুলশান-বনানী-বারিধারা ও উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনোয়ারুল ইসলাম।

এই দুজনসহ মোট ১২ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলাও করেছে দুদক।

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আবাসনসহ নানা বিষয়ে কথা বলেন মন্ত্রী মোশাররফ।

আবাসন খাতে সরকারকে ছাড় দেওয়ার পক্ষে মত জানিয়ে এর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, এই কারণে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে।

“সিঙ্গাপুরে আপনি বাড়ি কিনতে পারবেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কোথা থেকে অর্থ পেয়েছেন। মালয়েশিয়ায়ও অ্যাপার্টমেন্ট কিনলে কেউ কিছু জিজ্ঞাসা করবে না।”

বাংলাদেশে বিপরীত চিত্র তুলে ধরে তিনি বলেন, “যখন অ্যাপার্টমেন্ট করেন তখন রড, সিমেন্ট, ইট, টাইলস ও কমোডের জন্য ট্যাক্স দিচ্ছেন, সমস্ত কিছুর জন্য ট‌্যাক্স দিচ্ছেন। যখন অ্যাপার্টমেন্ট হয়, তখন প্রতি বর্গফুটের জন্য সরকার ট্যাক্স নিচ্ছে, নেওয়ার পরে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, তখন আপনার কাছে আসল, আইস্যা বলল, আপনি টাকাটা কোথা থেকে পেলেন?”

Image
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

সবার জন্য আবাসন নিশ্চিত করতে গেলে এসব ক্ষেত্রে সরকারকে ছাড় দিতে হবে বলে নিজের মত প্রকাশ করেন মোশাররফ। এখাতে বেসরকারি উদ‌্যোক্তাদের আরও কম সুদে ঋণ পাওয়ার ব‌্যবস্থা সরকারকে করে দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।

“প্রত্যেকের জন্য যদি আবাসন করতে হলে আমাদের এই সুবিধাটা দিতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এটা সরকারের নীতির বিরুদ্ধে।”

ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ছাড়াও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটেউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে বসেই মন্ত্রী হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৃহায়ন, নির্মাণ উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন করেন।