অভিবাসন বান্ধব নীতি প্রণয়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান
অভিবাসন প্রক্রিয়াকে গুরুত্বহীন বিবেচনা না করে আশ্রয়প্রার্থী মানুষের সুরক্ষায় বিশ্বব্যাপী একটি সমন্বিত নীতি প্রণয়নের দাবি এসেছে ঢাকার একটি মতবিনিময় সভা থেকে।
জাতিসংঘের চলতি অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদেরকে অভিবাসন নিয়ে একটি ঐক্যমতে পৌঁছার যে আহ্বান জানিয়েছেন তাকেও স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া আন্তর্জাতিক অভিবাসী অধিকারকর্মীরা।
মঙ্গলবার ‘সঙ্কটময় পরিস্থিতিতে অভিবাসন’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস); সহযোগিতায় ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)।
সভায় অভিবাসন বিষয়ে মতামত তুলে ধরেন আইওএম’র অপারেশন ও জরুরি বিভাগের পরিচালক মোহাম্মদ আবদিকার, পররাষ্ট্র সচিব শহীদুল হক, আইওএম বাংলাদেশ মিশনের প্রধান শরৎ দাস, বিআইআইএসএস’র বোর্ড অব গভর্নরস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদসহ অন্যরা।
পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, “অভিবাসনকে উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসাবে এক সময় মনে করা হলেও পরিবর্তনশীল বিশ্বে বিভিন্ন দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এখন তা কিছু ক্ষেত্রে মানুষের দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
“সংঘাত-সংঘর্ষের মধ্যে পড়ে নিজ দেশে নিরাপত্তাহীনতার কারণে ভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে অনেকে যাত্রাপথে, সীমান্তে এমনকি ভিন্ন দেশের মাটিতে বিপদের মুখে পড়েন।”
শরণার্থী ও অভিবাসী সুরক্ষায় নীতিগত কোনো বাধ্যবাধকতা নেই জানিয়ে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলো শরণার্থীকে একটা ঝামেলা হিসেবে দেখছে। কারণ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসাবে এসব দেশে অভিবাসন নিয়ে কোনো নীতি গড়ে উঠেনি।
“অভিজ্ঞতার ওপর ভিত্তি করে অভিবাসন নিয়ে আন্তর্জাতিক কাঠামো গঠনের আলোচনা শুরু করেছি। প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী একটা ডাক দিয়েছেন সেইফ, রেগুলার অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশনের। প্রধানমন্ত্রীর সেই প্রস্তব গৃহিত হয়েছে জাতিসংঘে। দুই বছরব্যাপী একটি আলোচনার পর একটি কাঠামো তৈরি করা হবে।”
বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার পর বর্তমানে মানবাধিকারের প্রতি রাষ্ট্রগুলোর কোনো শ্রদ্ধাবোধ নেই বলে মন্তব্য করেন আইওএম’র পরিচালক মোহাম্মদ আবদিকার।
তিনি বলেন, “হাসপাতাল, আশ্রয়শিবির সর্বত্র বোমায় আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় অভিবাসন বা শরণার্থী একটি বাস্তবতা, যাকে সঠিকভাবে মোকাবেলা করা জরুরি।”
অভিবাসনকে একটি নিয়মিত ঘটনা উল্লেখ করে তাদের সুরক্ষায় রাষ্ট্রগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান আবদিকার।
অভিবাসীদের নিয়ে কাজ করতে গিয়ে বাংলাদেশ সরকার থেকে অনেক সহযোগিতা পাওয়ার কথাও স্বীকার করেন তিনি।
