খালেদার অনাস্থা, ড্যান্ডি ডাইং মামলার শুনানি পেছাল
বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালত পরিবর্তনের আবেদন করায় ড্যান্ডি ডাইংয়ের ঋণখেলাপির মামলায় সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়ে গেছে।
খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার (৪ অক্টোবর) আদালত পরিবর্তনের জন্য জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের কাছে আবেদন করার পর বিষয়টি জানিয়ে অর্থঋণ আদালতে শুনানি পেছানোর আবেদন করেন।
ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস সেই আবেদন মঞ্জুর করে এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ অক্টোবর তারিখ রাখেন।
এ মামলার বাদীপক্ষ সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদা জিয়ার আইনজীবী লিখিত আবেদনে বলেছেন, এ আদালতের প্রতি তাদের আস্থা নেই। মামলাটি অন্য আদালতে বদলি অথবা স্থানান্তরের জন্য ঢাকার জেলা জজ এস এম কুদ্দুস জামানের কাছে আবেদন করার কথা জানিয়েছেন তারা।
“আবেদনে বলা হয়েছে, জেলা জজ আগামী ১৬ অক্টোবর স্থানান্তরের আবেদন শুনবে। ওই শুনানি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেওয়া হোক।”
চলতি বছর ২ ফেব্রুয়ারি এ মামলায় বিএনপি চেয়ারপারসনসহ ১৫ বিবাদীর বিচার শুরুর পর গত ৩ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেদিন মামলার বাদী সোনালী ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম আদালতে আংশিক সাক্ষ্য দেন।
এরপর বিবাদীদের আবেদনে ছয়বার পেছানো হয় সাক্ষ্যগ্রহণ। শেষ পর্যন্ত গত ৩০ অগাস্ট বাদীর সাক্ষ্য শেষ করে তাকে জেরার জন্য ৪ অক্টোবর তারিখ রাখেন অর্থঋণ আদালতের বিচারক।
৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপের অভিযোগে ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম অর্থ ঋণ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার মূল আসামি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তার ওয়ারিশ হিসাবে মা খালেদা জিয়া, স্ত্রী শামিলা রহমান সিঁথি, মেয়ে জাহিয়া ও জাফিয়া রহমানকে এ মামালায় বিবাদী করা হয়। তাদের পক্ষে ইস্যু গঠনের শুনানিতে ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।
মুদ্রাপাচার মামলায় সাজাপ্রাপ্ত কোকো সপরিবারে মালয়েশিয়ায় থাকা অবস্থায় গতবছর জানুয়ারিতে কুয়ালালামপুরে মারা যান। সে সময় কোকোকে দাফনের জন্য দেশে এলেও পরে মেয়েদের নিয়ে মালয়েশিয়ায় ফিরে যান শামিলা। বর্তমানে তিনি থাইল্যান্ডে রয়েছেন বলে বিএনপি নেতাদের তথ্য।
ড্যান্ডি ডায়িং মামলার ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদের মৃত্যুর পরও তার স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকেও বিবাদী করেছিল সোনালী ব্যাংক।
মামলার অন্য বিবাদীরা হলেন- ড্যান্ডি ডায়িং লিমিটেড, খালেদার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী নাসরিন আহমেদ, তারেকের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন ও তার স্ত্রী শাহিনা বেগম।
মামলার আরজিতে বলা হয়, ১৯৯২ সালে তিন কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে ড্যান্ডি ডায়িং লিমিটেড। ১৯৯৩ সালের ৫ মে সোনালী ব্যাংক থেকে ১৩ কোটি ১৪ লাখ টাকা ঋণ নেন বিবাদীরা। এরপর ১৯৯৬ সালে সাঈদ এস্কান্দারের আবেদনে ব্যাংক কর্তৃপক্ষ আবার ঋণ মঞ্জুর করে।
২০১০ সালের ৪ এপ্রিল ড্যান্ডি ডায়িংকে দেওয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ৪২ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা, বারবার তাগাদার পরও যা পরিশোধ করেননি বিবাদীরা।
এর আগে ২০০১ সালে ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ১২ কোটি ১৬ লাখ টাকার ঋণের জন্য প্রযোজ্য সুদ মওকুফ করেছিল।
