চিত্রকর্মে সভ্যতার সঙ্কট
নাগরিক সভ্যতার উত্থানে ঘনিয়ে আসে সঙ্কট, বিপদাপন্ন হয়ে উঠে মানবতা। সঙ্কটাপন্ন হয়েও মানুষ লড়াই করে, বাঁচতে চায় তার আপনভুবনে। চিত্রকর্মে সেই সঙ্কট আর লড়াইয়ের গল্প বলেছেন তরুণ চিত্রশিল্পী সত্যজিৎ রাজন।
তার আঁকা ৫৭টি চিত্রকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ‘নক্ষত্র গুহা ও ছায়াপথের ত্বক’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী।
এটি শিল্পীর প্রথম একক প্রদর্শনী।
প্রদর্শনীতে স্থান পায় মোট ৫৭টি চিত্রকর্ম। এর মধ্যে ১৮টি পেন স্কেচ, ১১টি তেলরং এবং বাকি ২৮টি মিশ্র মাধ্যমে আঁকা। রোববার থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ বলেন, “শিল্পী রাজনের ক্যানভাসের জটিল চিত্র রচনাগুলোর সঙ্গে ফটোগ্রাফির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। রাজনের প্রারম্ভিক কাজগুলো সেই নিরিখে শক্তিশালী ও সম্ভাবনাপূর্ণ।”
চিত্রকর্ম নিয়ে শিল্পী রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মূলত ক্ষমতার সঙ্গে জড়ানো মোড়ানো মানুষের যা কিছু মৌল প্রবণতা-যৌনতা, প্রেম, সভ্যতার উত্থানজনিত সঙ্কট, অভ্যুদয় এসবই আঁকতে পছন্দ করি।”
মানুষের অজ্ঞতা, একে অন্যের অধিকার কেড়ে নেওয়ার মতো সহিংস আচরণ, বিপরীতে মানুষের ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম, মহাবিশ্বের প্রতিটি প্রাণের যুথবদ্ধতার গল্পকে নিজস্ব ঢংয়ে উপস্থাপন করতে চেয়েছেন তিনি। রং-তুলির আঁচড়ে শিল্পী এঁকেছেন মানবপ্রকৃতির বিক্ষিপ্ত রূপ।
