শেখ হাসিনা-জয়কে মন্ত্রিসভার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার প্রাপ্তিতে তাদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই তাদের অভিনন্দন জানিয়ে দুটি প্রস্তাব গৃহীত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় মন্ত্রিসভা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করে।
“তার সাথে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব আহমেদ ওয়াজেদ আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬-তে ভূষিত হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জ্ঞাপন করা হয়।”
জাতিসংঘ সদর দপ্তরের ইউএন প্লাজায় সম্প্রতি শেখ হাসিনাকে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কারটি দেওয়া হয় ইউএন উইমেনের পক্ষ থেকে। আর ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ দেয় গ্লোবাল পার্টনারশিপ ফোরাম।
‘নারীর ক্ষমতায়নে অবদানের জন্য’ ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ পাওয়ার পর তা বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি স্বরূপ চারটি খ্যাতিমান প্রতিষ্ঠান সম্মিলিতভাবে জয়কে ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে।
