নূর চৌধুরীকে ফেরানোর পথ খুঁজতে কানাডা রাজি: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ‘সুরাহা করতে’ বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করতে কানাডা রাজি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কানাডা ও যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে তিনি নূর চৌধুরীকে ‘যথাশীঘ্র’ দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনেই নূর চৌধুরীর বিচার হবে।
“প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫ আগস্টের সংঘটিত মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে তিনি সেদেশের কিছু আইনি বাধার কথা উল্লেখ করেন।
“তবে ন্যায়বিচার নিশ্চিতপূর্বক কীভাবে এই স্পর্শকাতর বিষয়টির সুরাহা করা যায় তার উপায় খুঁজে বের করার জন্য উভয় দেশের উপযুক্ত প্রতিনিধির মধ্যে বিষয়টি আলোচনা শুরু করার পক্ষে তিনি মত দেন,” বলেন শেখ হাসিনা।
পঁচাত্তরে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পালিয়ে যাওয়া নূর চৌধুরী কানাডার টরন্টোতে রয়েছেন। তার অনুপস্থিতিতে বিচারে ফাঁসির রায় হয়।
নূর চৌধুরীসহ মৃত্যুদণ্ডে দণ্ডিত ছয়জন বিদেশে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে সেই চেষ্টা চালানোর কথাও বলা হচ্ছে।
মৃত্যুদণ্ডবিরোধী কানাডা নূর চৌধুরীকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে এলেও প্রধানমন্ত্রীর কানাডা সফরে এ বিষয়ে আলোচনার উপায় খুঁজতে মতৈক্য হয়েছে বলে জানানো হয়।
এ এইচ এম বি নূর চৌধুরী
গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়ালে গ্লোবাল ফান্ড সম্মেলনে যোগদান এবং ট্রুডোর সঙ্গে বৈঠকের বিষয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন শেখ হাসিনা।
কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জাস্টিন ট্রুডো আগামী দিনগুলিতে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ও সংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। কৈশোরে বাংলাদেশ সফরের কথাও তিনি বৈঠকে স্মরণ করেন।
“জাস্টিন ট্রুডো বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অবস্থানের প্রশংসা করেন। এছাড়া জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়।”
শেখ হাসিনা বলেন, কানাডার সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর বাবা পিয়েরে ইলিয়ট ট্রুডো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি পাকিস্তানকে অস্ত্র এবং যুদ্ধ বিমানের সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেন। পাশাপাশি তিনি ভারতে আশ্রয় নেওয়া বাঙালি শরণার্থীদের জন্য সাহায্য পাঠিয়েছিলেন। কানাডার জনগণও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন জানিয়েছিল।
“মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতি হিসেবে আমরা ২০১২ সালে পিয়েরে ট্রুডোকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করি। আমি সেই সম্মাননা স্মারকটি এবার জাস্টিন ট্রুডোর হাতে তুলে দেই।”
প্রায় তিন দশক পর কানাডায় ‘উচ্চ পর্যায়ের এই দ্বিপক্ষীয়’ সফর হল জানিয়ে শেখ হাসিনা বলেন, “এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও সুদৃঢ় এবং গভীর হয়েছে বলে আমি মনে করি।”
জাস্টিন ট্রুডোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান শেখ হাসিনা।
কানাডা থেকে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে ১৯ থেকে ২১শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদান করেন।
সজীব ওয়াজেদ জয়কে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের সম্মিলিতভাবে ‘আইসিটি ফর ডেভেলমেন্ট’ পুরস্কার প্রদান অনুষ্ঠানেও ছিলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আপনারা জানেন, আমার ছেলে সজীব ওয়াজেদ জয় আমার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা হিসেবে বাংলাদেশে তথ্য-প্রযুক্তির উন্নয়ন এবং বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তার সহযোগিতা এবং উদ্ভাবনমূলক চিন্তা-ভাবনার ফলেই বাংলাদেশ এত দ্রুত তথ্য-প্রযুক্তি খাতে সাফল্য অর্জন করতে পেরেছে।”
শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে বিশ্বের আরও ৩১ জন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে ‘লিডারস সামিট অন রিফিউজিস’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন।
জাতিসংঘের নিজের ভাষণের বিষয়ে শেখ হাসিনা বলেন, “আমি অভিবাসী ও শরণার্থী ইস্যুটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার অনুরোধ করি।
“আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি সন্ত্রাসী ও জঙ্গিদের পরামর্শদাতা, মূল পরিকল্পনাকারী, মদদদাতা, পৃষ্ঠপোষক, অর্থ ও অস্ত্র সরবরাহকারী এবং প্রশিক্ষকদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।”
নারীর ক্ষমতায়ন এবং তাদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে জাতিগঠনমূলক কাজে লাগানোর ক্ষেত্রে নেতৃত্বদানের স্বীকৃতিস্বরূপ এবার শেখ হাসিনাকে ইউএন-উইমেন ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত করে।
টানা কর্মসূচির পর শেখ হাসিনা নিউ ইয়র্ক থেকে তার ছেলে জয়ের ভার্জিনিয়ায় বাড়িতে যান। ঢাকায় ফেরার আগে সেখানে পরিবারের সান্নিধ্যে কয়েকদিন ছিলেন তিনি, নিজের জন্মদিনও সেখানে কাটান।
শেখ হাসিনা বলেন, “এবারই আমি একটানা দুই সপ্তাহের বেশি দেশের বাইরে অবস্থান করলাম। কিন্তু দাপ্তরিক কাজের কোনো ব্যাঘাত ঘটেনি। কারণ ই-ফাইলিং-এর মাধ্যমে আমি সেখানে বসেই গুরুত্বপূর্ণ ৫১টি ফাইলের নিষ্পত্তি করি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলেই বিদেশে বসেও দাপ্তরিক কাজ সম্পন্ন করার এই সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে।”
