‘এনএনআই আলোকবর্তিকা’র গ্র্যান্ড ফিনালে জয়ী স্কয়ার হাসপাতাল
দেশে কর্মরত নার্সদের পুষ্টি জ্ঞান সম্পর্কিত সচেতনতা বাড়াতে আয়োজিত ‘এনএনআই আলোকবর্তিকা’ গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছে স্কয়ার হাসপাতাল।
শনিবার সাভারের ব্র্যাক সিডিএম- এ এই কুইজ প্রতিযোগিতা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এ বছর দেশের ১১৮টি হাসপাতালের ৫০০ জন নার্স কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
এ বছরের মে মাসে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ১১৮টি হাসপাতালের ৫০০ জন নার্স অংশ নেন। সেখান থেকে ৪৬টি হাসপাতালের ২০০ জন নার্স বাছাই করে অগাস্ট মাসে হয় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড।
ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয় ১২টি হাসপাতালের ৫০ জন নার্স। পরবর্তীতে গ্র্যান্ড ফিনালেতে চারটি হাসপাতালের ১৬ জন প্রতিযোগী অংশ নেয়, যাতে বিজয়ী হয় স্কয়ার হাসপাতাল লিমিটেড।
প্রতিযোগিতায় খুলনা হাসপাতাল, চট্টগ্রামের জেমসন হাসপাতাল এবং সাভারের সুপার ক্লিনিক যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয়।
পাঁচ মাস ধরে প্রতিযোগীরা মাতৃদুগ্ধ বিকল্প নিয়ন্ত্রণ আইন, মাতৃদুগ্ধের উপকারিতা, মা ও শিশুর পুষ্টি, জন্ম পরবর্তী শিশুর যত্ন ও পুষ্টি ব্যবস্থাপনা এবং শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জ্ঞান অর্জন করে।
প্রতিযোগিতাটির আয়োজন করে নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট।
গ্রান্ড ফিনালেতে অতিথি হিসেবে সাভারের সংসদ সদস্য এনামুর রহমান, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
