২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেতাব থেকে বঞ্চিত বেসামরিক মুক্তিযোদ্ধারা: মোজাম্মেল

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাব পাওয়ার ক্ষেত্রে বেসামরিক মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক কর্মীরা ‘বঞ্চিত’ হয়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 07:52 PM

Updated : 12 Apr 2022, 02:58 AM

বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সেনাবাহিনীর সদস্যরাই পুরস্কার প্রদান কমিটিতে থাকায় তারাই দিয়েছেন। সেখানে মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতাকর্মী বা বেসামরিক মুক্তিযোদ্ধারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।”

কুমিল্লার সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া মন্ত্রীর কাছে প্রশ্ন করতে গিয়ে মুক্তিযুদ্ধের সময় ‘কুমিরা প্রতিরোধ যুদ্ধে’ নিজের ভূমিকার কথা তুলে ধরে বলেন, “আমি নিজে কোনো অ্যাওয়ার্ড পাইনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জীবিত অবস্থায় একজন অ্যাওয়ার্ড পেলে আমারই পাওয়ার কথা ছিল। আমি কেন অ্যাওয়ার্ড পাইনি, সেটা জানতে চাই।”

জবাবে মন্ত্রী মোজ্জাম্মেল বলেন, “মাননীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধে উনার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা বলেছেন, এটা আমরা জানি। মুক্তিযুদ্ধে সাহসিকতার পুরস্কার ১৯৭২ সালে প্রদান করা হয়। মুক্তিযুদ্ধের সময় মন্ত্রীর মর্যাদায় সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল এম এ জি ওসমানী। তার নেতৃত্বে কমিটি গঠন করে মুক্তিযুদ্ধের সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছিল।

মুক্তিযুদ্ধ ‘একটি রাজনৈতিক যুদ্ধ’ ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, “সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গরা এই সাহসিকতার পদক মোটেও পাননি। বেসামরিক লোকদের মধ্যে আমাদের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো মাত্র কয়েকজন এই ‍পুরস্কার পেয়েছেন।”

বিষয়টি বিবেচনায় নেওয়ার জন‌্য অনেকেই আব্নদন করছেন বলেও জানান মুক্তিযোদ্ধা মোজাম্মেল।

তিনি বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, এটা বিবেচনায় না নিলে বৈষম্য হয়ে যাবে এবং পরবর্তীকালে ইতিহাসে মনে হবে এটা বোধহয় একটা সামরিক যুদ্ধ ছিল। এটা যে একটা জনযুদ্ধ বা রাজনৈতিক যুদ্ধ ছিল তা প্রমাণ করা কঠিন হবে।”