শিশু পার্ক রেখেই সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র হবে: গণপূর্তমন্ত্রী
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিশু পার্কটি না সরিয়েই সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ণতমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এ উদ্যানেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মঞ্চ ও সম্মেলনস্থল পরিদর্শনে এসে শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক অনুষ্ঠানে বলেন, “জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া শিশুপার্কটি থাকবে না। সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র হবে। প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দিয়েছেন। অল্প সময়ের মধ্যে কর্মযজ্ঞ শুরু হবে।”
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ বলেন, “আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন বিশাল উদার। এই উদারতার কারণে সোহরাওয়ার্দী উদ্যানের শিশু পার্কটি সরছে না।
“শিশুপার্ক থাকলে ভবিষ্যতের শিশুরা সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের স্মৃতিবিজড়িত পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণের স্থান, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানসহ যাদুঘরের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।”
এজন্য ইতোমধ্যে ৩২৯ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হয়েছে বলে তিনি জানান।
এর আগে আগামী ২২ ও ২৩ অক্টোবর দলের ২০তম সম্মেলনের সাজসজ্জা ও মঞ্চ প্রস্তুত উপ-কমিটির নেতাদের নিয়ে উদ্যান পরিদর্শন করেন এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, “৭০ এর পর থেকে আমি সবগুলো সম্মেলন দেখেছি। এ বছরের মতো পূর্ব প্রস্তুতি নিয়ে ব্যাপকভাবে কোনো সম্মেলন হয়নি। আশা করি, আওয়ামী লীগের এবারের সম্মেলন হবে সবচেয়ে বড় পরিসরে।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আজম ও সুজিত রায় নন্দীসহ ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতা এসময় উপস্থিত ছিলেন।
