পয়তাল্লিশ বছরের খতিয়ান বড় কষ্টের: কামাল লোহানী
স্বাধীনতার ৪৫ বছর কেটে গেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি হয় নি অভিমত দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
একইসঙ্গে সংস্কৃতিচর্চা ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাগৃতি ললিতকলা কেন্দ্রের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল লোহানী।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে তিনি বলেন, “স্বাধীনতার ৪৫টি বছর কেটে গেছে। এতগুলো বছরের খতিয়ান খুলে দেখলে বড় কষ্ট লাগে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো... কিছু হয়নি।”
দেশের সাংস্কৃতিক চর্চার বেহাল দশা নিয়ে কামাল লোহানী বলেন, “দেশের সম্পদ লালন, রাধারমণ, হাসন রাজা, শাহ আবদুল করিম, দুরবীন শাহ; কিশোরগঞ্জ, সুনামগঞ্জের হাওর এলাকায় মানুষের মুখে মুখে ছন্দ। কোথায় আমাদের বাউল গান?
“আমরা বাঙালিরা হাজার বছরের লোকজ ঐতিহ্যের উত্তরাধিকারী। আজকে কোথাও এসব কিছু খুঁজে পাবেন না।”
দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিস্তারে জামায়াতে ইসলামী ছাড়াও আরও অনেক অশুভ শক্তি রয়েছে বলে মনে করেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
তিনি বলেন, “আমাদের মধ্যেও সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। একাত্তরের খুনি, ধর্ষক, লুটেরাদের দলটি আমাদের মধ্যে ঢুকে পড়ে সমাজে মিশে গেছে। আমাদের প্রশ্রয়ে তারা গুটি গুটি পায়ে এগিয়েছে। এখন তারা কলুষিত করছে গোটা সমাজকে।”
যুদ্ধাপরাধের বিচারের সরকারের সাহসিকতা ও বিচক্ষণতার প্রশংসা করলেও বিচারের দীর্ঘসূত্রতার সমালোচনা করেন উদীচীর এই নেতা।
“তাদের (যুদ্ধাপরাধীদের) আপিল, রিভিউয়ের সুযোগ দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো দেশে যুদ্ধাপরাধীদের এই সুযোগ নেই। তারা যখন একাত্তরের মানুষ মেরেছিল, তখন কি তারা কোনো তদন্ত করেছে, আপিল বা রিভিউয়ের সুযোগ দিয়েছে? এই বিচার প্রক্রিয়ায় এত ভালো মানুষি করলে কি চলে? কেন এত সহনশীলতা?”
শিল্পকলা একাডেমির সাবেক এই মহাপরিচালক শিল্পকলা একাডেমিতে এসে সমালোচনা করলেন শিল্পকলার মঞ্চ ব্যবস্থাপনা নিয়েও।
“শিল্পকলার সংগীত, নৃত্যকলা মিলনায়তনের এই মঞ্চটি কোনোভাবেই নাচের জন্য উপযুক্ত নয়। নাচের জন্য সবচেয়ে ভালো হল জাতীয় নাট্যশালা। কিন্তু সেখানে শুধু নাটক হবে, এ কোন সিদ্ধান্ত? এ ধরনের মানসিকতাও এক ধরনের জঙ্গিবাদের সূচনা করছে।”
শিল্পকলার দায়িত্ব পালনকালে সংগীত-নৃত্যশালা ভবনটির নাম কেবল সংগীত ভবন করার প্রস্তাবও করেছিলেন কামাল লোহানী। কিন্তু তৎকালীন সংস্কৃতিমন্ত্রী ফিরিয়ে দিয়েছিলেন তাকে।
“সংস্কৃতিমন্ত্রী বললেন, ‘এত ফিলোসফি দিয়ে কি কাজ হয়?’ মন্ত্রীরই যদি এই অবস্থা হয়, তবে অধস্তনরা কাজ করেন কিভাবে বলুন তো?”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৃত্যগুরু আমানুল হক আমান, ভাস্কর রাশা, জাগৃতি ললিতকলা কেন্দ্রের সভাপতি রাকা সিদ্দিকী।
পরে আমানুল হক আমানের নির্দেশনায় পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘আমার স্বদেশ, আমার ভালোবাসা’। এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো প্রেমিকার গল্প নিয়ে প্রযোজনাটি মঞ্চস্থ হয়।
