২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন চাঁদাবাজদের তালিকা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়ক ও ফেরিঘাটে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 03:57 PM

Updated : 12 Apr 2022, 02:55 AM

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহাসড়ক ও ফেরিঘাটের নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “পরিবহন খাতে যারা চাঁদাবাজি করে তাদেরকে চিহ্নিত করে একটি তালিকা করেছে গোয়েন্দা সংস্থা।

“তালিকায় যারা আছে তাদেরকে সতর্ক হওয়ার জন্য হুঁশিয়ার করে দিচ্ছি। যদি সামনের দিকে এ ধরনের অভিযোগ আসে তাহলে সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরও চাঁদাবাজদের কেন সতর্ক করা হচ্ছে- এমন প্রশ্নে কামাল বলেন, “সরকার দুর্বল নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকবে, তাদের বিরুদ্ধে ঠিকই ব্যবস্থা নেওয়া হবে।”

বিভিন্ন স্থানে নির্ধারিত টোলের বেশি অর্থ আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “মহাসড়ক ও ফেরিঘাটে ইতোমধ্যে বেশকিছু সিসি ক্যামেরা লাগানো হয়েছে, ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো হবে; যাতে চাঁদাবাজির চিত্র এবং জড়িতদের সহজে ধরতে পারি।”

এর আগে সকালে বৈঠকে অংশ নেন নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।