২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় এক পরিবারের চারজন দগ্ধ

পুরান ঢাকার একটি বাসায় আগুন লেগে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 09:22 AM

Updated : 12 Apr 2022, 02:55 AM

বুধবার রাত ৩টার দিকে পোস্তা চামড়া পট্টি এলাকায় জাহাঙ্গীরের টিনশেড কলোনির এক ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার কানিজ ফাতেমা পাপড়ি জানান।

দগ্ধ চারজন হলেন- রেজাউল করিম (২৭), তার স্ত্রী রানী (২২), মেয়ে আনিকা (৩) ও সানজিদা জুঁই (২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কানিজ ফাতেমা পাপড়ি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, ওই বাড়ির মালিক জাহাঙ্গীর ভোরে চারজনকে হাসপাতালে নিয়ে যান।

রেজাউলের শরীর ১৪ শতাংশ, রানীর ২৬ শতাংশ, আনিকার ২৬ শতাংশ এবং জুঁইয়ের শরীরের ৪৭ শতাংশ পুড়ে গেছে বলে বার্ন ইউনিটির চিকিৎসকের বরাত দিয়ে জানান বাচ্চু।

পুলিশ কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, আগুন লাগার পর ওই বাড়ির বাসিন্দারা নিজেরাই তা নিভিয়ে ফেলেন।