২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডেলিভার ফর গুড’ প্রচারণা শুরু

বৈশ্বিক পরামর্শক সংস্থা ‌‘ওমেন ডেলিভার’ মেয়ে শিশু ও নারীদের পেছনে বিনিয়োগ বাড়াতে একটি প্রচারণা শুরু করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 12:52 AM

Updated : 20 Aug 2022, 01:43 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে স্থানীয় সময় মঙ্গলবার ‘ডেলিভার ফর গুড’ শিরোনামে এই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনীতে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে মেয়ে শিশু ও নারীদের জন্য বিনিয়োগ আহ্বানের এই প্রচারণায় সহযোগিতার আশ্বাস দেয় ডেনমার্ক।

‌‘ওমেন ডেলিভার’র এক বিবৃতিতে বলা হয়, মেয়ে শিশু ও নারীদের জীবনকে ভারসাম্যহীনভাবে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলো চিহ্নিত করতে এই প্রচারণা সুনির্দিষ্ট কার্যক্রমকে উদ্দীপিত করবে।

নারীদের যৌন ও গর্ভধারণকালীন স্বাস্থ্য থেকে জলবায়ু এবং রাজনীতিক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থেকে শুরু করে অর্থনৈতিকসহ ১২টি ইস্যুতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করাই এই প্রচারণার লক্ষ্য।

মেয়ে শিশু ও নারীদের পেছনে বিনিয়োগের প্রভাব নিয়ে জানাশোনা ও তথ্যের মধ্যে যে ঘাটতি তা পূরণ করে ‘শক্তিশালী ও আরও বোধগম্য’ তথ্যপ্রমাণের ভিত্তিই হবে ‘ডেলিভার ফর গুড’ প্রচারণার প্রাপ্তি বলে বলা হয় ওই বিবৃতিতে।