২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন ও পদ বাড়ানোর দাবি স্যানিটারি পরিদর্শকদের

পরিদর্শকদের বেতন ও পদ বাড়ানোর দাবি জানিয়েছে স্যানিটারি ইন্সপেক্টরশিপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 02:08 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বলেন, জনস্বাস্থ্য সহকারীরা এইচএসসির পর সহকারী স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমা করলেও তাদের বেতন স্কেল বাড়ানো হচ্ছে না।

“ডিপ্লোমা করতে হয় নিজ খরচে। এতে চার থেকে পাঁচ লাখ টাকাও খরচ হয়। তারপরও গ্রেড মেলে না।”

ডিপ্লোমা গ্রেডের স্বীকৃতি পেলে স্যানিটারি পরিদর্শকরা ১১তম গ্রেডে বেতন পাবেন বলে জানান তিনি। এখন তাদের বেতন মিলছে ১৬তম গ্রেডে।

প্রতিবছর সাড়ে ৩০০ জনস্বাস্থ্য সহকারী ডিপ্লোমা করলেও পদের অভাবে এই দক্ষ জনগোষ্ঠীকে কাজে লাগানো যাচ্ছে না।

মাকসুদুর বলেন, “এখন প্রতি উপজেলায় একটি করে মোট ৪৬৫টি মেডিকেল টেকনোলজিস্টের (স্যানিটারি ইন্সপেক্টর) পদ আছে। অন্যদিকে ডিপ্লোমা কোর্সধারীর সংখ্যা প্রায় ২২শ’। পদ না বাড়ায় এদের কাজে লাগাতে পারছে না সরকার।”

মাঠ পর্যায়ে খাদ্যের নমুনা পরীক্ষা করে পরিদর্শকরা ভেজাল দূর করতে ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন মাকসুদ।

“জন্ম-মৃত্যুর প্রতিবেদন তৈরি, বিভিন্ন টিকাসহ ডায়রিয়া, কলেরা, যক্ষ্মা, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও এইচআইভি নিয়ন্ত্রণেও এদের ব্যবহার করা যায়,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন অ্যাসোসিয়েশনের আবু ফাত্তাহ জুনায়েদ আহমদ, গোলাম সরওয়ার।