২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরেই হতে পারে না. গঞ্জ ও কুমিল্লা সিটির তফসিল: ইসি সচিব

অক্টোবরের শেষ দিকেই নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 12:44 AM

Updated : 11 Oct 2022, 08:44 PM

একদিনেই দুই সিটিতে ভোট করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সিরাজুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমি চাইব দুই সিটিতে একই দিনে নির্বাচন হোক। ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ ও ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

“ডিসেম্বরে দুটি সিটিতে ভোট করতে চাইলে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথম দিকে এ দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।”

কমিশন বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং আগামী বছর ৮ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে। আইন অনুযায়ী, এ বছরের ২৯ জুন থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জে এবং ১২ অগাস্ট থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লায় ভোট করতে হবে।

সর্বশেষ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট একদিনে হয়েছিল।

দুই সিটিতে একই দিনে নির্বাচন হলে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন ইসি সচিব।

“অতীতে এক দিনে চারটি সিটিতে নির্বাচন করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। তাছাড়া একটি সিটিতে ভোট করতে যে কাজ করতে হয় দুটিতে করলেও একই কাজ। তাই এক সঙ্গে দুটিতে ভোট হলেই ভালো হয়। আমরা এ নির্বাচন করার জন্য প্রস্তুত আছি।”

Image
২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম ভোট হয়।

২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম ভোট হয়।

দলীয় প্রতীকে সিটিতে ভোট করতে নির্বাচন বিধিমালা ও আচরণবিধির সংশোধনীর খসড়া ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ভেটিং হয়ে এলে তা গেজেট আকারে প্রকাশ করে তফসিলের বিষয়ে কমিশন বৈঠকে বসবে।

পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পর সিটি করপোরেশনে দলীয় প্রতীকে এটাই হবে প্রথম ভোট।

২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জে এবং ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনে ভোট হয়েছিল। ভোটের পর ২০১১ সালের ২৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ এবং ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের প্রথম সভা হয়।

গত ভোটের সময় নারায়ণগঞ্জে ৪০ লাখের বেশি এবং কুমিল্লা সিটিতে ১ লাখ ৭০ হাজারের বেশি ভোটার ছিল। পাঁচ বছর পর এবার এ দুটি সিটি করপোরেশনের ভোটার সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।