২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ১৬ কেজি তরল তামাক আটক

মার্চেন্ডাইজ স‌্যাম্পল ঘোষণা দিয়ে আনা ১৬ কেজি তরল তামাক ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 03:35 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

ই-সিগারেটের রিফিলে ব‌্যবহারযোগ‌্য এসব তামাক মঙ্গলবার সকালে আটক করা হয় বলে ‘শুল্ক গোয়েন্দা, বাংলাদেশ’ ফেইসবুক পাতায় জানানো হয়।

শাহজালালের কুরিয়ার ইউনিটের মাধ্যমে মার্চেন্ডাইজ স্যাম্পল ঘোষণায় আনা একটি পার্সেল ছাড়িয়ে নেওয়ার খবর পেয়ে ওই গেটের বাইরে থেকে শুল্ক গোয়েন্দারা সেটি আটক করেন।

পরে ২২ কেজি ওজনের পার্সেলটি খুলে বোতলজাত তরল তামাকের প‌্যাকেটগুলো পাওয়া যায়।

পার্সেলটিতে ১০ শতাংশ সম্পূরক শুল্কসহ মোট ৩৭ শতাংশ শুল্ক দেওয়া হয়েছে জানিয়ে ফেইসবুক পাতায় বলা হয়েছে, তরল তামাকে ১৫০ শতাংশ সম্পূরকসহ ২৮৯ শতাংশ শুল্ক দেওয়ার কথা।

এ হিসাবে চালানে শুল্ক ফাঁকি হয়েছে ১৬ লাখ ২ হাজার ৯১৭ টাকা।

যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ব্রান্ডের এসব তরল তামাক আনা হয়েছে ঢাকার শেওড়াপাড়ার ভেইপ কোম্পানির নামে।

‘মিথ্যা ঘোষণায়’ পণ‌্য আমিদানির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।