যুদ্ধাপরাধ: সাংসদ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পেছাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ১১ জুলাই ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় ওই আটজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়।
প্রসিকিউশন পরদিন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দুই মাস সময় চাইলে আদালত ২০ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দেয়।
মঙ্গলবার আদালতে প্রসিকিউশনের পক্ষে সময়ের আবেদনের শুনানি করেন জাহিদ ইমাম।
যুদ্ধাপরাধের এ মামালার আসামিদের মধ্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ হান্নান, তার ছেলে মো. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬৩), মো. হরমুজ আলী (৭৩) গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
আর মো. ফখরুজ্জামান (৬১), মো. আব্দুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩) পলাতক রয়েছেন।
তদন্ত প্রতিবেদনে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম- এ সাত ধরনের অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে ওই আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
ওই বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে চলতি বছরের ১১ জুলাই কাজ শেষ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
২০১৫ সালের ১ অক্টোবর ট্রইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে ওইদিনই হান্নানকে গুলশানে তার বাড়ি থেকে এবং ছেলে রফিক সাজ্জাদকে ওই এলাকার একটি অফিস থেকে গ্রেপ্তার করা হয়।
একইদিন গ্রেপ্তার করা হয় ডা. খন্দকার গোলাম সাব্বির, মিজানুর রহমান মিন্টু ও হরমুজ আলীকে।
