বিমানের ফিরতি হজ ফ্লাইট বিলম্বে ভোগান্তি
বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইট ঢাকায় পৌঁছাতে কয়েক ঘণ্টা করে দেরি হচ্ছে, যাতে ভোগান্তির শিকার হচ্ছেন হাজি ও বিমানবন্দরে তাদের অপেক্ষায় থাকা স্বজনরা।
এবছর হজ শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে শনিবার থেকে শুরু হয় হাজিদের ফিরতি যাত্রা, যার প্রথম ফ্লাইটটি ঢাকা পৌঁছায় নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর।
পরদিন রোববারে দুটি ফ্লাইট পৌঁছাতে দেরি হয় আরও বেশি; একটি ১২ ঘণ্টা, আরেকটি সাত ঘণ্টা।
তবে বিমান বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, বিমানের ফিরতি হজ ফ্লাইট দেরি করে আসার সময় কমতে শুরু করেছে।
বিমানের ট্রাফিক কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে ৪১৯ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণের কথা থাকলেও সেটি পৌঁছায় রাত দেড়টায়।
চতুর্থ ফ্লাইট রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আসার কথা থাকলেও তা পিছিয়ে রাত সোয়া ১০টায় যায়।
সোমবার ভোর ৫টা ২৮ মিনিটে, সকাল সাড়ে ১০টায় ও বিকাল সাড়ে ৪টায় তিনটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এই তিনটি ফ্লাইটও নির্ধারিত সময়ের চেয়ে গড়ে দুই থেকে তিন ঘণ্টা বিলম্ব করে ঢাকা পৌঁছায় বলে নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা।
বিমানের ফ্লাইট দেরি করে আসার সময় কমে আসছে মন্তব্য করে তিনি বলেন, “প্রত্যেক বছরই এই রকম সমস্যা হয়ে থাকে। ধীরে ধীরে সমস্যার সমাধানও হয়ে যায়।
“হাজিদের প্রতিটি ফ্লাইটই অন্তত তিন থেকে চার ঘণ্টা দেরিতে ঢাকা আসছে। প্রথম দিন এর চেয়েও দেরিতে এসেছিল। ধীরে ধীরে দেরিতে আসা কমে যাবে।”
তিনি বলেন, “হাজিরা সময়মতো জেদ্দা বিমানবন্দরে আসতে না পারায় সময়মতো ফ্লাইট ছাড়া যায় না। হাজিরা হজ শেষে সময়মতো বিমানবন্দরে আসেন না। তাদের যারা বিমানবন্দরে নিয়ে আসবেন তাদের অনেক সময়ই পাওয়া যায় না।
“এসব বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দেরিতে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করতে হয়। এখানে বিমানের কোনো গাফিলতি বা সমস্যা নেই।”
মালমাল বুঝে পেতে কিছুটা সময় লেগে যাওয়ায় বিমানবন্দরে আসতে হাজিদের কিছুটা সময় লেগে যায় বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন নোয়াখালীর হাজি আবদুল হাসেম।
রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি বলেন, “জেদ্দায় অনেক হাজি সময় মতো আসতে পারে না। তাছাড়া মালামাল বুঝে পেতেও কিছুটা সময় লাগে। এই কারণেই বাংলাদেশে আসতে সময় কম লাগে।”
হজ করে দেশে ফিরে আসতে পারায় সন্তুষ্টি প্রকাশ করে তারা বলছেন, বিমান কিছুটা দেরি করায় কষ্ট হলেও হজে তাদের কোনো সমস্যা হয় নি।
আগামী দিনে হাজিদের হজ শেষে ফেরার সময় নজরদারি আরও বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
জামালপুরের হাজি শেখ আমজাদ হোসেন বলেন, “হাজিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের যারা দায়িত্বশীল আছেন, তারা যদি আরও দায়িত্বশীল হতেন তাহলে হাজিদের দেশে ফিরতে এত কষ্ট হতো না।”
তারপরও সুস্থভাবে হজ পালন শেষে দেশে ফেরায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব সময় হাজিরা দেরি করে বিমানবন্দরে পৌঁছান বলে বিমানের বাংলাদেশ আসতে দেরি হয়- বিষয়টা পুরোপুরি এই রকম না। হাজিদের খুব কম সংখ্যকই দেরি করে বিমানবন্দরে আসেন।”
ইব্রাহিম বাহার বলেন, জেদ্দা বিমানবন্দরে আলফা নামের একটি প্রতিষ্ঠান হাজিদের মালামাল বিমানবন্দরে নিয়ে আসার কাজ করে, যাকে সিটি চেক ইন বলা হয়।
“অনেক সময় এই মালপত্র নিয়ে আসতে ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে দেরি হয়। এছাড়াও সৌদি ইমিগ্রেশনের প্যাসেঞ্জার চেকিংয়ের কারণেও বিমান সময়মতো বাংলাদেশ আসতে পারে না এমন অভিযোগ শোনা যায়।”
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় নাম প্রকাশ না করার শর্তে অনেক হাজিও একই অভিযোগ তোলেন।
“হাজিরা যেন সঠিক সময়ে বিমানবন্দরে আসেন সেটি নিশ্চিতে আরেকটু সক্রিয়ভাবে দায়িত্ব পালন করলে ভালো হয়।”
এ বিষয়ে বক্তব্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেনকে কয়েক দফা ফোন করেও তার সাড়া পাওয়া যায়নি।
এবার বাংলাদেশ থেকে লক্ষাধিক নারী-পুরুষ হজ করেছেন। এদের মধ্যে ৪৯ হাজার ৫৪৫ জন বাংলাদেশ বিমান এবং বাকিদের সৌদি এয়ারলাইনস পরিবহন করছে।
আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
