আয়েশে রাজধানীতে ফিরেই ভোগান্তি
মহাসড়কে যানজট না থাকায় ঈদের ছুটি শেষে মানুষ নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারলেও রাজধানীতে নেমে শিকার হচ্ছেন গণপরিবহনের নৈরাজ্যের।
নগরীর বিভিন্ন গন্তব্যে চলা বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় আর লোকাল বাসগুলোর আচমকা ‘সিটিং সার্ভিস’ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রাজধানী ফেরত মানুষকে।
রোববার সকালে তিশা পরিবহনের বাসে কুমিল্লা থেকে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল কালাম আজাদ। ঈদের আগে কষ্ট করে বাড়ি গেলেও ফিরতি যাত্রায় খুশি তিনি।
“যাওয়ার দিন মেঘনা আর দাউদকান্দির জ্যামে জান বেরিয়ে গেছিল। কিন্তু আজ খুব দ্রুত চলে আসছি। রাস্তায় কোনো ঝামেলা নেই।”
কিন্তু সকালে ঢাকায় নামার পর লোকাল বাসে না উঠতে পেরে ব্যাগ হাতে দীর্ঘ সময় সায়েদাবাদে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। সকালে ব্যস্ত সড়কে অটো রিকশা পাওয়ায় কঠিন ছিল।
এর মধ্যেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে সায়েদাবাদ থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের বাসে।
বেলা ১১টার দিকে সায়েদাবাদ জনপথ মোড়ে দেখা যায়, রাজধানীতে বিভিন্ন গন্তব্যে চলা সব বাসের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে আসন পূর্ণ হলেই।
অন্য সময় লোকাল হিসেবে চললেও এখন সরাসরি গাজীপুর আর টঙ্গী ছাড়া অন্য গন্তব্যের যাত্রী নেওয়া হচ্ছে না বাসগুলোতে।
যাত্রীদের কাছ থেকে গাজীপুরের ভাড়া নেয়া হচ্ছে ১০০ টাকা। মহাখালী, বনানী বা বিমানবন্দর স্টেশনের ভাড়া আদায় করা হচ্ছে ৫০ টাকা করে।
তিনি বলেন, “৪-৫টা বাসে উঠতে চাইলাম। কেউ তোলে না। মগবাজারে ভাড়া ৫০ টাকা চায়।”
বাসগুলো হঠাৎ সিটিং সার্ভিস হয়ে গেল কেন জানতে চাইলে সুজন নামের এক চালক বলেন, “সবাই তো ১০০ নিতাছে, হেরলাইগ্যা আমরাও নেই। আপনের কিছু কওয়ার থাকলে সমিতির অফিসে যান।”
বিষয়টি মহানগর পুলিশের ডেমরা বিভাগের সহকারী কমিশনার গোবিন্দ চন্দ্র পালকে জানালে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ জনপথ মোড়ে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য এসে যাত্রীদের বাসে তুলে দেন। পুলিশের তৎপরতা দেখে যাত্রী ওঠানো বন্ধ করে দেন বাসের চালক-সহকারীরা।
বেলা ১২টা পর্যন্ত অচলাবস্থার পর বাসগুলোয় আবার যাত্রী তোলা শুরু হয়।
