২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে লঞ্চের কেবল ছিঁড়ে ফটো সাংবাদিক আহত

সদরঘাটে লঞ্চের কেবল ছিঁড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আসাদুজ্জামান প্রামাণিকসহ দুইজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 12:36 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

বিআইডব্লিউটিএ-এর পরিদর্শক নিয়াজ আহমেদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাটের ১২ নম্বর পন্টুনে দুটি লঞ্চের মধ্যে মৃদু সংঘর্ষের পর নৌযান বাঁধার কেবল ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।

“ঘাটে ভিড়তে থাকা এমভি জাহিদ-৩ পিরোজপুর থেকে আসা এমভি জাহিদ-৪ কে ধাক্কা দিলে বেঁধে রাখা লঞ্চের কেবল ছিঁড়ে যায়। এ সময় ঘাটে থাকা একজন ফটোসাংবাদিক ও একজন হকার আহত হন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল হোসেন তালুকদার জানান, কেবল ছিঁড়ে আসাদুজ্জামান প্রামাণিককে মাথায় লাগে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আঘাত কতটা গুরুতর তা সিটিস্ক্যান করার পর বোঝা যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে ঈদের ছুটি শেষে সদরঘাটে রাজধানীফেরত মানুষের ভিড় বাড়ছে। শুক্রবার সকালে দক্ষিণাঞ্চল থেকে ৬০টি লঞ্চ সদরঘাটে ভিড়েছে বলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ছেড়েছে ৮টি লঞ্চ।