ফাঁকা ঢাকায় ভিড় বিনোদন কেন্দ্রে
ঈদের আনুষ্ঠানিকতা শেষ হলেও কাটেনি ছুটির আমেজ; নেই গাড়ির ভিড়, ফাঁকা রাস্তার ঢাকা যেন ছুটছে বিনোদন কেন্দ্রের দিকে।
বুধবার সকাল থেকেই পার্ক, সিনেমাহলসহ রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো ঢাকাবাসীর পদচারণায় মুখর হয়ে উঠেছে। আনন্দ আর উচ্ছ্বাসের ঢেউ চলছে প্রথম কর্মদিবস বৃহস্পতিবারও।
ঈদের ছুটিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশায় মানা ছিল না। কড়াকড়ি না থাকায় প্রিয় মানুষের সঙ্গে রিকশায় চলছে আনন্দভ্রমণ।
ইন্দিরা রোডের বাসিন্দা ফয়সাল হোসেন সপরিবারে যাচ্ছেন সোনারগাঁয়। ব্যবসার ব্যস্ততায় সন্তানদের নিয়ে বেড়াতে যাওয়া হয় না, ঈদের ছুটিতে সুযোগ পেয়ে তাই ছুটছেন ঐতিহাসিক পানাম নগরীতে।
“কেবল বই পড়ে আর মুভি দেখে ছেলেমেয়েরা ইতিহাস জানবে, তা তো হয় না। ঈদের ছুটিটাই মোক্ষম সুযোগ, তারা ইতিহাস নিজের চোখে দেখুক”, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ফয়সাল।
আনন্দ উৎসবে ছুটি কাটানোর পাশাপাশি সন্তানরা বাংলা আর বাঙালির ইতিহাস সম্পর্কে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে বলে আশা তার।
বুধবার দুপুরের পর থেকে ভিড় বাড়ছিল নগরীর অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র শিশুপার্কে। শিশুদের কলকাকলিতে মুখরিত পার্কের রাইডগুলোর সামনে ছিল উপচেপড়া ভিড়।
“ছেলেটা খুব বায়না করে, ঘুরতে নিয়ে যেতে পারি না। জ্যাম, মানুষের ভিড়, সব মিলিয়ে বাচ্চাটাকে নিয়ে ঘুরেও মজা পাই না। ফাঁকা পেয়ে আজ বের হলাম। সত্যি এমন স্বস্তির এক ঢাকা চাই”, বলেন আলিফ।
‘লম্ফঝম্ফ’, ‘টয়ট্রেন’, ‘ঝুলানো চেয়ার’ আর ‘ম্যাজিক নৌকা’য় চড়ে উৎফুল্ল ইয়াসিনের চোখেমুখেও দেখা গেল আনন্দের ঝিলিক।
অভিভাবকদের কাউকে কাউকে শিশুপার্কের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল।
“সেবার মান খারাপ হলে একদিন সত্যি দর্শক হারাবে শিশুপার্ক”, মন্তব্য অভিভাবক সাদিয়া আফরিনের।
নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন মিরপুরের টোলারবাগ থেকে আসা সাঈদুল ইসলামও।
“চারদিকে এত ময়লা; রাইডগুলোও বেশ পুরনো; অনেক জায়গায় রঙ উঠে গেছে। আর ভিড় সামলানোর জন্য কোনো পরিকল্পনা নেই। এভাবে কতদিন চলবে,” প্রশ্ন করেন তিনি।
বৃহস্পতিবারও অনেকে শিশুপার্কে আসছেন ঈদ আনন্দে সামিল হতে। ভিড় দেখা গেছে টিএসসি, কার্জন হল, ফুলার রোড, কলাভবন, ভিসি চত্বরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায়।
টিএসসিতে দেখা মিলল নুসরাত, কাকলী, ঝুমা, সজীব, তিয়াসদের সঙ্গে। কলেজপড়ুয়া দলটি যাবে জুরাইনের মিল্কব্রেক এলাকায়। সেখানে পাল তোলা নৌকায় তারা ভাসবে বুড়িগঙ্গায়।
ঈদের পরদিন বুধবার সন্ধ্যায় এফডিসি মোড় থেকে রামপুরা ব্রিজ, হাতিরঝিলের প্রতিটি মোড় আর সেতুতে ছিল না তিল ধারণের অবকাশ। হাতিরঝিলে কথা হয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী সুস্মিতা বিশ্বাসের সঙ্গে।
“ঝিলের পানি আগের মতো নেই। পানিতে ময়লা ভাসছে, থেকে থেকে গন্ধ আসছে। নগরীর প্রধান বিনোদনকেন্দ্রগুলোকে ঘিরে অবশ্যই বিশেষ পরিকল্পনা থাকা উচিত।”
হাতিরঝিলের কাছেই মেরুল বাড্ডার আফতাবনগর। সেখানে জেগে উঠেছে কাশবন, পাশেই ঝিল। ঝিলের জলের পাশে তরুণ-তরুণীদের ভিড়।
“শহর ছেড়ে দূরে যাওয়া হয় না। নদীতে ঘুরে বেড়াব, সেই নদীর পানিও দূষিত। এখানে পানি একটু স্বচ্ছ। সঙ্গে বাতাসও বেশ পরিষ্কার। এখানে এসে মন সত্যি ভালো হয়ে যায়,” বললেন মনিরুল ইসলাম নামের এক তরুণ।
প্রকৃতির সান্নিধ্য নিতে বুধবার অনেকেই ছুটছেন উত্তরার দিয়াবাড়িতে। শরতের স্নিগ্ধ আকাশ, সঙ্গে কাশবন, তুরাগ আর মাটির ঘর; সদলবলে ঘুরতে গিয়ে মুগ্ধ জায়েদ-শিশিররা।
ফিরতি পথে শিশিরের কণ্ঠে আফসোস, “কিছুদিন পর এসব কিছুই থাকবে না। শহর থেকে সবকিছু হারিয়ে যাবে, হারিয়ে যাবে আকাশ। দালানের পরে দালান, আকাশ দেখব কোথায়!”
রাজধানীর সিনেমা হলগুলোতেও ভিড় দেখা গেছে। মধুমিতা সিনেমা হলে শাকিব খান-শবনম বুবলীর ‘শুটার’ দেখতে বন্ধুদের সঙ্গে এসেছেন আরিফুল ইসলাম, কামরুল ইসলাম।
“শাকিব খান তো নিজেকে আমূল বদলে ফেলেছেন। তার লুক, কথা বলা সবকিছু এখন ভীষণ ভালো লাগে। সঙ্গে নতুন নায়িকা, দেখি কেমন করে”, শো শুরুর আগে মন্তব্য আরিফুলের।
অভিসারে চলছে শাকিব-বুবলীর আরেক সিনেমা ‘বসগিরি’। সেখানে অবশ্য ততোটা ভিড় দেখা গেল না।
হলের ম্যানেজার দেলোয়ার হোসেন জানালেন, মর্নিং শো একেবারেই ফাঁকা যাচ্ছে। ইভনিং আর ম্যাটিনি শোতে কিছু দর্শক পাওয়া যাচ্ছে।
অভিসার হলে সুলাইমান নামের এক দর্শক বললেন, “নির্ধারিত কাউন্টার থেকে টিকেট বিক্রি না করে একদল কালোবাজারির হাতে টিকিট চলে গেছে। প্রায় দেড়গুণ টাকা গুণতে হচ্ছে সিনেমা দেখতে। হলের ভেতরের পরিবেশও ভালো না। হলে বসলে টয়লেটের উৎকট গন্ধ নাকে আসে।”
অবশ্য হল ম্যানেজার দেলোয়ার অভিযোগ মানতে নারাজ। তার দাবি, হলের কর্মীরাই টিকেট বিক্রি করছে। পরিবেশও এখন ‘অনেক ভালো’।
বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে চলছে যৌথ প্রযোজনার সিনেমা ‘রক্ত’। ঢালিউডের পরীমনি আর টালিগঞ্জের নবাগত রোশানের এ সিনেমা দেখতে বুধবার সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে হলে গিয়েছিলেন নুরুল ইসলাম।
“বাংলাদেশি সিনেমায় প্রধান চরিত্রে নারী, সত্যি দারুণ লাগছে,” বলেন তিনি।
হল সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির পরপরই শুক্র ও শনিবার থাকায় আগামী দুদিনও ‘ভালো ব্যবসার’ সম্ভাবনা দেখছেন তারা।
