২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু অক্টোবরে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি দক্ষিণ) বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে আগামী মাসে কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 09:47 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

প্রথম পর্যায়ে শান্তিনগর ও তার আশপাশের এলাকায় এ কাজ শুরু হবে বলে বুধবার জানিয়েছেন ডিসিসি দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এরপর বংশাল, ধানমণ্ডি ও জুরাইন এলাকাতে এ কাজ করা হবে।

“শান্তিনগর ও তার আশপাশের এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে ১০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। আগামী অক্টোবর থেকেই কাজ শুরু হবে।”

ডিসিসি দক্ষিণের আওতাভুক্ত শান্তিনগর, ফকিরাপুল, জুরাইন এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের।

ঈদের দিন সকালে ভারি বৃষ্টি হওয়ায় শান্তিনগর ও জুরাইন এলাকায় কোরবানির পশুর রক্ত বৃষ্টির পানিতে মিশে যায়। ফলে গলিপথ লাল রঙ ধারণ করে বিরল দৃশ্য তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় এসব ছবি ছড়িয়ে পড়ায় সমালোচনা হচ্ছে।

এছাড়া পানি নিষ্কাশনের পর্যাপ্ত সুবিধা না থাকায় ঈদে পশু কোরবানি নিয়ে প্রতিবারই বিপাকে পড়েন শান্তিনগর, ফকিরাপুল, জুরাইন এবং পুরান ঢাকার বাসিন্দারা।

দীর্ঘদিনের এই সমস্যা স্বীকার করে ডিসিসি দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “ওই এলাকাটি নিচু। এছাড়া ড্রেনেজ সিস্টেমের ও সমস্যা আছে। একারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়।”

শান্তিনগর এলাকার ‘সমস‌্যাটা তীব্র’ মন্তব‌্য করে তিনি বলেন, অক্টোবরে প্রথম শান্তিনগর ও তার আশপাশে কাজ শুরু হবে। তারপর বংশাল, ধানমণ্ডি এলাকায়ও কাজ হবে।

প্রকল্পের কাজ শেষ হলে আগামী বছর থেকেই এ সমস্যা থাকবে না বলে আশা করছেন ডিসিসি দক্ষিণের এই কর্মকর্তা।

এবার কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ঢাকা নগরী পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছিল দুই সিটি করপোরেশন।

এ প্রসঙ্গে খান মোহাম্মদ বেলাল জানান, এবার ঈদে প্রায় ১২ হাজার টন কোরবানির পশুর বর্জ্য তৈরি হয় ঢাকা দক্ষিণে, যার অধিকাংশই ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, “বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বাকি বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে আশা করছি।”

এলক্ষ্যে ডিসিসি দক্ষিণে প্রায় আট হাজার কর্মী কাজ করছে জানিয়ে বেলাল বলেন, “আমাদের নিয়মিত কর্মী রয়েছে প্রায় ৫ হাজার। অস্থায়ীভিত্তিতে আরও তিন হাজার কর্মী নিয়োগ করা হয়েছে।”

কোরবানির বর্জ্য সহজে সরাতে নগরবাসীকে ২ লাখ ২০ হাজার বস্তা দেওয়া হয় বলেও জানান তিনি।