৭০ ভাগ বর্জ্য পরিষ্কার: আনিসুল
আটচল্লিশ ঘণ্টার অভিযান শুরুর আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ৭০ ভাগ কোরবানির বর্জ্য সরানো হয়েছে বলে দাবি করেছেন মেয়র আনিসুল হক।
মঙ্গলবার ঈদের দিন দুপুর ২টায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের কাছে অস্থায়ী পশুর হাটের বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করে মেয়র সাংবাদিকদের বলেন, “আমি শহরটা ঘুরে এসেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। এখনই মেইন শহরে কোনো ময়লা নেই। ৪৮ ঘণ্টা শুরুর আগেই ৭০ ভাগ আবর্জনা পরিষ্কার হয়ে গেছে।”
শহর পরিচ্ছন্ন রাখার ব্যাপারে এলাকাবাসীর সচেনতার প্রশংসাও করেন আনিসুল হক।
“বাসিন্দারা খুবই সচেতন, সবাই অনবরত কাজ করছে। প্রত্যেক এলাকার কাউন্সিলররা অনেক বেশি অগ্রসর। তার চেয়ে বড় কথা হলো যারা কোরবানি দিচ্ছেন, তারা অনেক সচেতন। সেকারণেই শহরের ৭০ ভাগ এলাকা পরিষ্কার।
“আমরা ৪৮ ঘণ্টার কথা বলেছি। আমার মনে হয় এর অনেক আগেই সব পরিষ্কার হয়ে যাবে।”
মেয়র জানান, বর্জ্য অপসারণের জন্য করপোরেশনের পক্ষ থেকে এবার আড়াই লাখ পলি ব্যাগ বিলির পাশাপাশি ৮০ হাজার পলি ব্যাগ বিক্রিও করা হয়েছে।
এবছর গাবতলীর স্থায়ী পশু হাটের পাশাপাশি ডিএনসিসির আরও ৮টি স্থানে ঈদের আগের ৩ দিনসহ মোট ৪ দিনের জন্য অস্থায়ী পশুর হাট বন্দোবস্ত দেওয়া হয়েছে।
এসব পশু হাট ছাড়া করপোরেশন ৬৪৮টি স্থান কোরবানির নির্ধারন করে দেয়। পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডার, ফিনাইল ও স্যাভলন মিশ্রিত পানি ছিটানোর ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান মেয়র আনিসুল।
উত্তরার বিভিন্ন সেক্টর, মিরপুর, পল্লবী ও আগারগাঁও এলাকা ঘুরে পরিষ্কার রাস্তাঘাট দেখা গেছে। দু’একটি বাসাবাড়ির সামনে পশুর বর্জ্য দেখা গেলেও অধিকাংশ লোকজন নিজ উদ্যোগে তা পরিষ্কার করেছেন।
পল্লবীতে ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন বলেন, “আমাদের কাউন্সিলর আব্দুর রব নান্নু নিজেই বর্জ্য অপসারণ কাজের তদারকি করেছেন। সকালে অনেক পশু জবাই হলেও সঙ্গে সঙ্গে বর্জ্য অপসারণ করা হয়েছে। এখন মনেই হচ্ছেনা এখানে গরু জবাই হয়েছিল।”
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা কর্মসূচিতে ৩ হাজার ২৩০ জন পরিচ্ছন্নতাকর্মীকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া ১৩০টি আধুনিক বর্জ্যবাহী ট্রাক, ১৬টি ডাম্পার, ৮টি পেলোডার, ৩টি টায়ার ডোজার, ১টি প্রাইম মুভার, ২টি ট্রেইলর, ১টি এক্সক্যাভেটর ও ৩টি চেইন ডোজার আছে বর্জ্য অপসারণের কাজে।
উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন আড়াই হাজার টন বর্জ্য উৎপন্ন হলেও ঈদে প্রায় ৯ হাজার টন অতিরিক্ত বর্জ্য হবে বলে মনে করছেন কর্মকর্তারা।
