ঢাকায় শেষ দিকে কমছে গরুর দাম
কোরবানির ঈদের একদিন আগে রাজধানীর বিভিন্ন পশুর হাটে গরুর দাম কমতে শুরু করেছে।
সোমবার রাজধানী গাবতলী, শাহজাহানপুর, কমলাপুর পশুর হাট ও বিভিন্ন সড়কে ক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।
গাবতলী পশুর হাটে বগুড়া থেকে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী মন্টু।
ঢাকার হাটে প্রত্যেক বছর গরু নিয়ে আসেন জানিয়ে বগুড়ার এই ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবছর লোকজন বড় গরু দামই করছে না। দুদিন আগে যে দামে গরু বিক্রি হয়েছিল আজ তার চেয়ে অনেক কম দাম বলছে ক্রেতারা।”
এবার ২০টা গরু এনে সোমবার দুপুর পর্যন্ত ১৪টা গরু বিক্রি করেছেন বলে জানান গরু বিক্রেতা মন্টু।
“রোববার যেই গরু ৯০ হাজার বিক্রি করসি, সোমবার সেইটা ৭০/৭২ হাজার হলে ছেড়ে দেব। ঈদের আগের দিন বেশি দামদর না করে অল্প লাভ পেলেই বিক্রি করে বাড়ি চলে যাব।”
গাবতলী হাটের ৪ নম্বর হাসিল ঘরের সামনে আমিনবাজারের কিশোর সায়েমকে গরু কিনে নিতে দেখা যায়।
সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল যে গরু এক লাখ চেয়েছিল, সেটি আজ ৮০ হাজারে কিনে নিয়ে বাড়ি ফিরছি। পরে গরু কিনাতে ভালোই হয়েছে।”
গাবতলী হাট পরিচালনা কমিটির পরিদর্শক শাফিউল জামির বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবার ক্রেতারা হাসিলের টাকা দিয়ে গরু নিয়ে যাচ্ছে। কোনো ধরনের ঝামেলা হচ্ছে না।”
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই হাটে দায়িত্ব পালন করছে জানিয়ে নিরাপত্তার দায়িত্বপালনে থাকা দারুস সালাম থানার এসআই মো. মঈন উদ্দিন বলেন, “কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি।”
কমলাপুর পশুর হাটে বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, কয়েকজন পশু ব্যবসায়ী গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছেন। তাদের একজন শরীয়তপুরের গরু ব্যবসায়ী মো. আলী এবার গরুর কাঙ্ক্ষিত দাম পান নি বলে হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, “রাতে দুইটা গরু দুই লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছিলাম, যেগুলো আড়াই লাখ টাকায় কেনা। দেড় মাসে ১৩টা গরুকে ৫৫ বস্তা ভূষি খাওয়াইসি। ভুসির দাম এখন ৩৩ টাকা কেজি। এক বস্তায় ৩৭ কেজি ভূষি থাকার কথা বললেও কম থাকে।”
এবারে হাটে প্রচুর ভারতীয় গরু চলে এসেছে অভিযোগ করে আলী বলেন, ভারতীয় গরুর কারণে হাটে আনা দেশি গরুর দাম পাওয়া যাচ্ছে না।
ব্রাহ্মণবাড়িয়ার নূরুল ইসলাম বলেন, “ঈদের আগের দিন সামান্য লাভে হলেও গরুগুলো বিক্রি করে দেব।”
হাট থেকে সকালে একটি মাঝারি আকারের গরু ৫৬ হাজার টাকায় কেনার পর ২৮০০ টাকা হাসিল দিয়ে হাসিমুখে বের হচ্ছিলেন ফারুক নামের এক ক্রেতা।
ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে যেটা ৫৬ হাজারে পেলাম, আগের দিনও সেটির দাম ৬৫ হাজার চেয়েছিল। গরুটা ঈদের আগের দিন কিনতে পেরে মনে শান্তি পাচ্ছি।”
শাহজাহানপুর হাটে গেলেও ব্যবসায়ীদের মুখে হাসির দেখা মেলেনি।
জামালপুরের ব্যবসায়ী তোয়েব আলী বলেন, “গরুর দাম কয়েকদিন বেশি চাইসিলাম। অনেকে কমবেশি বলে কিনে নিসে। কিন্তু ঈদের আগের দিন দাম না কমালে তো উপায় নাই।
“শনিবার যেই গরু ৭০ হাজার চেয়েছিলাম, এবার সেটি ৫৫ হাজার হলেই ছেড়ে দেব।”
জামালপুরের ইসলামপুর থেকে আসা বিদ্যুৎ নামের আরেক পশু ব্যবসায়ী বলেন, “১৬টা গরু নিয়ে এসেছিলাম, এখন ৪টা বিক্রি বাকি আছে। গরুগুলোর দাম ৬০ হাজার থেকে ৭০ হাজার চাইছি। একদম শেষ সময়ে ৫০ থেকে ৫৫ হাজারে বিক্রি করে বাড়ি চলে যাব।”
অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা এমএ করিম বলেন, “একটি গরু ৬০ হাজার টাকা দরদাম করেছি। আগের দিন এই ধরনের আরেকটি গরু ৭০ চেয়েছিল। এক পয়সাও কম দিতে চায়নি।”
ঈদের আগের দিন ব্যবসায়ীরা ‘কিছুটা নরম’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শাহজাহানপুর হাটের ছয়টি হাসিল ঘরের একটির রাইটার মো. রাসেল বলেন, “হাসিল বুঝে নিয়ে এরপর গরু ছাড়া হচ্ছে। সবাই খুব শান্তিপূর্ণভাবে কাজ করছেন।”
মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো.মাসুদুর রহমান বলেন, “হাটে সবার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
