২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা: শেষদিন ভিড় কম হলেও ট্রেন ছাড়তে দেরি

ঈদযাত্রার শেষদিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় কিছুটা কমেছে; তবে আগের দিনে ট্রেন ছাড়ার সময়সূচিতে যে হেরফের ছিল, শেষদিনেও তার প্রভাব দেখা গেছে।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 12:28 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

সোমবার সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, এদিন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, খুলনামুখী সুন্দরবন এক্সপ্রেস ও রংপুরগামী রংপুর এক্সপ্রেস এবং দিনাজপুরের একতা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

ফলে স্টেশনে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ঈদযাত্রার শেষদিনে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ৫৮টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বেলা ১০টা পর্যন্ত কমলাপুর থেকে ১৪টি ট্রেন ছেড়ে গেছে।

রোববার ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন ফিরতে দেরি করায় সোমবারও এই অবস্থা হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী।

এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ ট্রেন বিলম্বের কারণ বলে দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল যেসব ট্রেন দেরি করে গেছে, সেগুলো ফিরতেও দেরি হয়েছে। এছাড়া চাপ বেশি থাকায় যাত্রীদের ট্রেন থেকে নামাতে প্রতি স্টেশনেই দেরি হয়েছে। এর প্রভাব পড়েছে সময়সূচিতে।”

সোমবার খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তিন ঘণ্টা ১০ মিনিট দেরি করে ছেড়েছে। সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ৯টা ৩০ মিনিটে কমলাপুর ছেড়ে যায়।

নির্ধারিত সময়ের চার ঘণ্টা ১০ মিনিট পর ছেড়ে গেছে রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। ভোর ৬টায় কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশনে আসে বেলা সাড়ে ৯টায়। বেলা ১০টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যায় এটি।

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী নাসরিন জাহান যাবেন রাজশাহী।  ট্রেন ধরতে ভোর সাড়ে ৬টায় স্টেশনে আসেন তিনি। ট্রেন ঠিক সময়ে না আসায় সন্তানদের নিয়ে ভোগান্তিতে পড়েন তিনি।

নাসরিন বলেন, “এত দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খুব কঠিন। বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাক শেষ পর্যন্ত উঠতে পারলাম।”

তবে মোবাইল মেসেজের মাধ্যমে ট্রেনের দেরির খবর আগে থেকেই জেনে ভোগান্তি এড়িয়েছেন ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ম্যাসেজ পাঠিয়ে জানলাম ট্রেন চার ঘণ্টা লেট। এজন্য ট্রেন ছাড়ার ২০ মিনিট আগে স্টেশনে এলাম।”

বেলা ১০টার পরিবর্তে ১০টা ৫৫ মিনিটে ছেড়ে গেছে দিনাজপুরের একতা এক্সপ্রেস ট্রেন।

এদিকে সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও বেলা ১১টায়ও স্টেশনে আসেনি রংপুর এক্সপ্রেস। ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।

দুপুর সাড়ে ১২টায় ট্রেন ছাড়ার নতুন সময় দেওয়া হলেও তাতে আশ্বস্ত হতে পারছেন না রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী হালিমা আক্তার। এবারই প্রথম ট্রেনে রংপুর যাচ্ছেন যিনি।

“বাসের টিকেট পাইনি বলে ট্রেনে যাচ্ছি। সাড়ে ৭টায় এখানে আসছি। কিন্তু এখনো গাড়ির কোনো খবর নাই। সাড়ে ১২টায় ছাড়তে পারে কিনা সন্দেহ আছে।”

উত্তর ও দক্ষিণবঙ্গগামী ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হলেও সোমবার চট্টগ্রাম ও সিলেটসহ রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। জামালপুরের দেওয়ানগঞ্জগামী বিশেষ ট্রেন এবং তারাকান্দির অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন দুটিকেও সময় মেনে স্টেশন ছাড়তে দেখা যায়।