কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
গাজীপুরের টঙ্গীতে কারখানার বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রধান বিস্ফোরণে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এই ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশও দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শনিবার সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস নামে একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন।
ভোরে কাজ চলার সময় কারখানাটিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর ধসে পড়ছে কারখানার পাঁচতলা ভবনটি।
