রাবি শিক্ষকের ঘরে ‘আত্মহত্যার চিরকুট’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির লাশ উদ্ধারের পর সেখানে ‘আত্মহত্যার’ একটি চিরকুট পাওয়া গেছে।
ওই চিরকুটে লেখা হয়েছে, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শারীরিক, মানসিক চাপের কারণে আত্মহত্যা করলাম।”
তবে ছেলেকে যাতে তার বাবার হেফাজতে দেওয়া না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে ওই চিরকুটে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের সঙ্গে আমরা তার রুমে গিয়ে সুইসাইড নোটটা পেয়েছি। চিঠিতে সই না থাকলেও এটা তার হাতের লেখা বলেই মনে হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘর তল্লাশি করে যে সুইসাইড নোট আমরা পেয়েছি, সেটা উনার ডায়েরির সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। হাতের লেখা একই মনে হয়েছে।”
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষকদের আবাসিক ভবন জুবেরীর ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়।
তার সহকর্মী সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস জানান, আকতার জাহানকে তার ঘরে মশারির ভেতরে শোয়া অবস্থায় পাওয়া যায়। তার মুখে ফেনা ও রক্ত বেরিয়ে আসার মতো কালো দাগ ছিল।
আকতার জাহান জলির ফেইসবুক থেকে নেওয়া ছবি।
দীর্ঘদিন সংসার করার পর ২০১২ সালে একই বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদের সঙ্গে আকতার জাহানের ছাড়াছাড়ি হয়। তাদের একমাত্র ছেলে চলতি বছরের শুরু থেকে ঢাকায় নানাবাড়িতে থেকে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ছে।
আকতার জাহানের ঘরে পাওয়া চিরকুটে লেখা হয়েছে, “সোয়াদকে যেন ওর বাবা কোনোভাবেই নিজের হেফাজতে নিতে না পারে। যে বাবা সন্তানের গলায় ছুরি ধরতে পারে, সে যে কোনো সময় সন্তানকে মেরেও ফেলতে পারে বা মরতে বাধ্য করতে পারে।”
মৃতদেহ ঢাকায় না পাঠিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দিতেও অনুরোধ করা হয়েছে ওই চিরকুটে।
চিরকুটের বিষয়ে তানভীর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, “সোয়াদ তো অনেকদিন আমার কাছেই ছিল। কিছুদিন আগে সে নানুর বাড়িতে বেড়াতে যায়। ওর মা চাচ্ছিল ঢাকাতেই ও লেখাপড়া করুক। একজন মানুষ মরে যাওয়ার আগে কেন এরকম নোট লিখে গেল তা আমার বোধগম্য নয়।”
রাজশাহীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “পরিবার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।”
