২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারি চিত্রকে ‘ভিন্নধারার’ শিল্পকর্মের প্রদর্শনী শুরু

চিরায়ত ঘরানা থেকে বেরিয়ে এসে যাপিত জীবনের গল্পকে একেবারে আলাদাভাবে উপস্থাপন করতে ভালোবাসেন চিত্রশিল্পী অপার জামান; ছুড়ে ফেলা জঞ্জালকেও নিবিড় মমতায় শিল্পকর্মে পরিণত করেন নিবিড় ভালোবাসায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 08:05 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

তার সেই ‘ব্যতিক্রমী’ ছয়টি শিল্পকর্ম নিয়ে গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে ‘ডিসকরডেন্ট’ শিরোনামের একক প্রদর্শনী।

শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে সপ্তাহব্যাপী সেই চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী।

শিল্পী অপার জামান জানান, বাতিল বলে ছুড়ে ফেলা নানা বস্তু আর শিল্পবর্জ্যের নানা উপকরণ নিয়ে তিনি ছবি আঁকতে ভালোবাসেন। নিকষ কালো আধার আর বিষণ্নতাকে নানাভাবে ক্যানভাসে ফুটিয়ে তুলতে চান তিনি।

তিনি বলেন, “আমি সমাজের সাধারণ শ্রেণির গল্পটি নানা আঙ্গিকে বলতে চাই। আমার নিরীক্ষার বিষয়ও তারা।”

বাস্তবতার নিরীখে চলতি সময়ের গল্প, মানুষের টিকে থাকার লড়াই আর ইতিহাসের নানা কাহিনিকে উপজীব্য করে ছবি আঁকছেন অপার। জীবনের নানা গতিপ্রকৃতি আর রং-বেরংয়ের সংস্কৃতিকে তিনি মেলে ধরতে চান তার নিজস্ব ঢঙে।

“আমার অভিজ্ঞতার আর মননে আমি ভিন্নতাকে দেখি অন্যভাবে। খুব সহজভাবে সেই গল্পটি উপস্থাপন করতে চাই সাধারণ দর্শকের জন্য।”

বাণিজ্যিক প্রদর্শনীর ‘ঘোর বিরোধী’ অপার বলেন, “তথাকথিত বিনোদন নির্ভর দর্শকের কাছে আমার এই প্রদর্শনীটি ভালো নাও লাগতে পারে। অনেক রং-বর্ণ নিয়ে আমি ছবি আঁকি না। অনেকেই ইতিবাচক ভাবে নেবেন না।

“তবে শিল্পকর্মে ভিন্নতা খুঁজতে আসা দর্শকের একাংশ সত্যিই খুঁজে পাবেন খুব চেনা পরিবেশের এক অচেনা গল্পকে। যে গল্পকে আমি উপস্থাপন করতে চেয়েছি আমার শিল্পসত্ত্বার সবটুকু দিয়ে।”

মিক্সড মিডিয়াতে আঁকা অপারের ছবিগুলো নিয়ে প্রদর্শনীটি চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি চলবে এই প্রদর্শনী।