‘মোবাশ্বের আলী স্বর্ণপদক’ পেলেন আনিসুজ্জামান ও আবদুল মান্নান
দেশের শিক্ষাখাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মোবাশ্বের আলী স্বর্ণপদক’ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এর প্রধান ক্যাম্পাসের অডিটরিয়ামে তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
অনুভূতি প্রকাশ পর্বে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “রবীন্দ্রনাথ-নজরুল থেকে শুরু করে দেশের বরেণ্য কবিদের নিয়ে সাহিত্য সমালোচক, অনুবাদক ও গবেষক অধ্যাপক মোবাশ্বের আলী অনেক গবেষণা করেছেন। তার গবেষণায় তিনি আমাদের সামনে রবীন্দ্রনাথ-নজরুলকে নতুন করে তুলে ধরেছেন।
“পুরস্কার তো অনেক পাওয়া যায়। কিন্তু আজকের এমন গুণীজনের নামাঙ্কিত পদক পাওয়া বিশেষ কিছু,” বলেন বাংলা একাডেমির সভাপতি।
‘মোবাশ্বের আলী’ পদককে এক ‘বিরল সম্মাননা’ হিসেবে অভিহিত করে অধ্যাপক আবদুল মান্নান বলেন, “এই পুরস্কার পাওয়ার আমি উপযুক্ত নই। তবুও মোবাশ্বের আলী ফাউন্ডেশন আমাকে এই পদকে ভূষিত করায় আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে মোবাশ্বের আলীকে স্মরণ করে এই গবেষকের ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান।
তিনি বলেন, “মোবাশ্বের আলীর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। যখনই মোবাশ্বের আলীর বাসায় গেছি, তাকে দেখেছি গবেষণায় ব্যস্ত থাকতে। আমি অবাক হয়ে যেতাম তার নিরবছিন্ন এবং নিবিষ্টমনে গবেষণা দেখে।”
বিশেষ ক্ষেত্রে কৃতিদের মোবাশ্বের আলী ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান করে সম্মান জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আয়োজন সম্পর্কে মোবাশ্বের আলী ফাউন্ডেশন-এর সভাপতি সৌরভ জাহাঙ্গীর বলেন, “দেশের শিক্ষাখাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ দেশের দুই বরেণ্য শিক্ষাবিদকে এই পদক দিতে পেরে আমরা গর্বিত।”
