২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিসপাড়ায় বাড়ি ফেরার তাড়া

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে একদিন বাড়তি ছুটি মিললেও ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে শুরু হয়েছে ছুটির আমেজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 03:42 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

সকালে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এলেও তাদের অধিকাংশের মুখে ছিল বাড়ি ফেরার প্রস্তুতির কথা। সচিবালয়ের সামনেও ছিল না দর্শনার্থীদের ভিড়।

দর্শনার্থীদের প্রবেশ পথে কর্তব‌্যরত এক পুলিশ সদস্য দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ তেমন মানুষ আসেনি। আসবেই বা কেন; ঈদ তো এসে পড়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগে ঢুকে দেখা গেল, শুধু প্রশাসনিক কর্মকর্তা বসে আছেন; বাকি তিনটি চেয়ার খালি।

অন্যরা কোথায় জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “স্যার দেশের বাহিরে আছেন। আর আমার পাশের তিনজনের মধ্যে দুইজন ছুটি নিয়েছেন, অন্যজন নিচে গেছেন অফিসের কাজে।”

যারা অফিসে এসেছেন তারা ঈদে গ্রামের বাড়ি ফেরার তাড়ায় আছেন বলে জানান তিনি।

সচিবালয়ে যে পাঁচটি ক‌্যান্টিন আছে সেগুলোতেও কোনো ভিড় দেখা যায়নি। দুপুরে প্রায় ফাঁকাই ছিল এসব ক‌্যান্টিন।

এক ক‌্যান্টিনের কর্মচারী দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার, সবাই তো গ্রামের বাড়ির পথে। তাই তো আজ বাইরে থেকে তেমন দর্শনার্থী ঢোকেনি।”

এমন পরিস্থিতি হতে পারে মনে করে অন্য দিনের তুলনায় খাবার কম রান্না করা হয়েছে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, “কর্মচারী উপস্থিতি ভালো। তবে সবারই ছুটি নিয়ে লাঞ্চের আগের বের হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে।”

এক মন্ত্রণালয়ের গাড়িচালক বলেন, “অন্যান্য দিন সচিবালয়ে গাড়ি রাখার জায়গা পাওয়া নিয়ে সমস্যা হলেও আজ হয়নি; গাড়ি রাখার অনেক জায়গা ফাঁকা।”