ঢাকায় ভূপেন হাজারিকা জয়ন্তী শুরু
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় দুই দিনব্যাপী ‘ভূপেন হাজারিকা জয়ন্তী’ উৎসব শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে পর্দা উন্মোচিত হওয়া এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে ফ্রেন্ডস অব বাংলাদেশ ও ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্ট-আসাম। উৎসবের সহযোগী আয়োজক শিল্পকলা একাডেমি।
আসামে জন্ম নেওয়া ভূপেন হাজারিকা মানবতা-মূল্যবোধ আর জাগরণের গান গেয়ে দেশ-কালের ‘সীমারেখা অতিক্রম করেছেন’ বলে উদ্বোধনীতে মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বাংলা গানের কিংবদন্তি এই শিল্পীকে ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ অভিহিত করে মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে তার গান আমাদের উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমাদের মতো তিনিও যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
“সামাজিক অসাম্য-অন্যায়ের বিরুদ্ধে মানবতা ও প্রতিবাদের গান গেয়েছেন ভূপেন হাজারিকা। মানুষে-মানুষে ভেদাভেদের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে তার কণ্ঠ।”
যৌথভাবে আয়োজিত এই ভূপেন হাজারিকা জয়ন্তী উৎসব আসামের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বে ‘নতুন মাত্রা’ যোগ করেছে মন্তব্য করে ভারতের অন্যান্য অঙ্গরাজ্যের সঙ্গেও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আসাদুজ্জামান নূর।
সংস্কৃতিমন্ত্রী ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক চুক্তি অনুযায়ী ভারতের দিল্লি ও পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে সাংস্কৃতিক দল পাঠালেও আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সাংস্কৃতিক দল পাঠাতে না পারায় অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তার রাজনৈতিক উত্থানের পেছনে ভূপেন হাজারিকার ‘কালজয়ী’ গান ‘মানুষ মানুষের জন্য’ রেখেছিল বড় ভূমিকা।
ভূপেন হাজারিকার গানগুলোকে ‘যথাযথভাবে’ শ্রোতাদের কাছে পৌঁছে দিতে না পারার ব্যর্থতার কথাও বলেন তিনি।
“এক সমীক্ষায় জানা গিয়েছিল, ভূপেন হাজারিকার গান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয়। তার সেই গানগুলোকে টিভি, এফএম রেডিও কোনো মাধ্যমেই আমরা ঠিকমতো প্রচার করতে পারিনি।”
শাহরিয়ার আলম জানান, গোহাটিতে বাংলাদেশের উপ-হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ ও আসামের সাংস্কৃতিক সম্পর্ক আরও ‘মজবুত’ করা হবে।
ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্টের উপদেষ্টা অনুরাধা শর্মা পূজারি জানান, ট্রাস্ট্রের উদ্যোগে ভূপেন হাজারিকার ১০০টি গানের স্বরলিপি প্রণয়ন করা হয়েছে। তার লেখা বিভিন্ন গ্রন্থ, সম্মাননা-পুরস্কারগুলো নিয়ে একটি সংগ্রহশালা করা হচ্ছে।
উদ্বোধনীতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোহাটি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক অমর জ্যোতি চৌধুরী; স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কো-অর্ডিনেটিং চ্যাপ্টার ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর সমন্বয়ক এ এস এম সামছুল আরেফিন ও ফ্রেন্ডস অব বাংলাদেশের আসাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সৌমেন ভারতীয়া।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বুলবুল ইসলাম, খায়রুল আনাম শাকিল, দিল বাহার খান এবং ভারতের রূপম ভূঁইয়া। এছাড়া ভারতের সুরঙ্গম নৃত্যদলের পরিবেশনাও ছিল।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় ভূপেন হাজারিকার গায়কী ও দর্শন নিয়ে সংগীতবিষয়ক কর্মশালার আয়োজন করে শিল্পকলা একাডেমি। প্রশিক্ষণ দেন ভূপেন হাজারিকার ভাতৃবধূ মনীষা হাজারিকা।
বৃহস্পতিবার সন্ধ্যায় একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় উৎসবের সমাপনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে।
